পাকিস্তানকে নিয়ে সতর্ক জামাল
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে পাঁচ গোল করে, ক্লিনশিট নিয়ে মাঠ ছেড়েছেন হামজা-ইব্রাহিমরা। তবে, পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনাল নিয়ে সতর্ক জামাল ভূঁইয়া। এই ডিফেন্সিভ মিডফিল্ডারের মনে হচ্ছে, শ্রীলঙ্কা ম্যাচের চেয়ে আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি তাদের হতে হবে সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে পল্টনের জাতীয় স্টেডিয়ামে আগামীকাল শনিবার পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে আজও শিরোপা স্বাদ পায়নি পাকিস্তান। বাংলাদেশ প্রথম ও সবশেষ শিরোপা জিতেছিল ২০০৩ সালে।
এবার পাকিস্তানও ইতোমধ্যে দেখিয়েছে উন্নতির ছাপ। প্রতিযোগিতার রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে তারা হেরে যায় ৩-২ গোলে। এরপর মালদ্বীপকে ইজাজ-নাজিবরা উড়িয়ে দেন ৩-০ ব্যবধানে। 'বি' গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারের মঞ্চে আসা পাকিস্তানকে তাই সমীহ করছেন জামাল। এবিজি স্পোর্টস কমপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার সকালের অনুশীলনের ফাঁকে বললেন, এখন তাদের পুরো মনোযোগ সেমি-ফাইনালে। "(শ্রীলঙ্কার বিপক্ষে) ম্যাচ ভালো ছিল। আমরা চারটা গোল করেছি, এটা একটা ভালো জিনিস। আর আমরা ক্লিনশিট আবারও করেছি, তাই সব মিলিয়ে আমরা সবাই তৃপ্ত এবং খুশি। এখন মনোযোগ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। কারণ, আমি মনে করি, পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল।"
শ্রীলঙ্কা ম্যাচে সেরা একাদশে ছিলেন না জামাল। ৮১তম মিনিটে বদলি নামেন তিনি। এরমধ্যে দলের দুঃশ্চিন্তা বেড়েছে একিলিস টেন্ডনে চোট পাওয়ায় সাদ উদ্দিনের ছিটকে যাওয়া। বিশ্বনাথ ঘোষ, তপু বর্মনও পুরোপুরি ফিট নন। সামনের পথচলায় পুরো স্কোয়াড পাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন জামাল। 'পুরো স্কোয়াড দরকার আমাদের। কারণ, গতকাল ম্যাচ ছিল, দুই দিন পর আবার ম্যাচ আছে। আমি মনে করি, আমাদের পুরো স্কোয়াড প্রয়োজন। এখন সাদ উদ্দিন চোট পেয়েছে। অবশ্যই ওইখানে বিকল্প লাগবে। আপনারা দেখেছেন হৃদয় সেন্টার ব্যাক হিসেবে খেলেছে। তাই, এখন পুরো স্কোয়াড দরকার আমাদের।'
