ফাইনালের পথে পাকিস্তান বাঁধা পেরুতে চায় বাংলাদেশ
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটাতে বদ্ধপরিকর বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে মাঠে নামছে বাংলাদেশ। সামনে বাঁধা সেই পাকিস্তান। মঞ্চও সেই সাফ চ্যাম্পিয়নশিপ। ব্যবধান শুধু সময়ের। ২০০৫ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানকে হারিয়ে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। আজ শনিবার রাত সাড়ে ৮টায় আবার সেমিফাইনালে মুখোমুখি দুই দেশ। দীর্ঘ ২১ বছর পর আবারও ফাইনালে ওঠার হাতছানি লাল-সবুজের সামনে। এবারো প্রতিপক্ষ সেই পাকিস্তান। সেবার করাচি, এবার ঢাকা। স্বপ্নটাও আগের মতোই-ফাইনালে খেলা। ২০০৫ সালের ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ৪৪ মিনিটে বাংলাদেশ পেয়েছিল পেনাল্টি। ডিফেন্ডার মোহাম্মদ সুজনের নিখুঁত কিকে কেঁপেছিল পাকিস্তানের জাল।
সেই জয় শুধু একটি ম্যাচের জয় ছিল না, বাংলাদেশের ফুটবলের জন্য ছিল বিশেষ এক অর্জন। বিজয় দিবসের মাত্র দুই দিন আগে পাকিস্তানের মাটিতে তাদেরকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দ ছড়িয়ে পড়েছিল বাংলাদেশ দলের খেলোয়াড় থেকে শুরু করে করাচিতে থাকা বাংলাদেশি সমর্থকদের মধ্যে। পাকিস্তানের মাটিতে এমন জয় ছিল অন্যরকম আবেগের। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। এই সময়ে ৮টি সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে বাংলাদেশ। কিন্তু কোনো আসরেই ফাইনালের মঞ্চে পৌঁছাতে পারেনি। কখনো গ্রুপ পর্বে বিদায়, কখনো সেমিফাইনালের বাধা টপকাতে না পেরে ফাইনালের স্বপ্ন অধরাই থেকেছে। দীর্ঘ অপেক্ষার পর সর্বশেষ আসরে আবারও সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এবার সেই সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে ওঠার সামনে দাঁড়িয়ে দল। বাংলাদেশ-পাকিস্তান ফুটবল দ্বৈরথের ইতিহাসও বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক। দুই দেশের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের জয় আটটি, পাকিস্তানের পাঁচটি। বাকি পাঁচ ম্যাচ হয়েছে ড্র। ১৯৯৯ সালের সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২০০৫ সালের সাফেও ১-০ গোলের জয় পায় লাল-সবুজের দল। ২০১১ সালের বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানকে ঢাকায় ৩-০ গোলে হারানোর স্মৃতিও আছে।
সর্বশেষ ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেও ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ইতিহাসেও স্বস্তির জায়গা রয়েছে বাংলাদেশের। তবে পরিসংখ্যান কিংবা অতীতের স্মৃতি দিয়ে সেমিফাইনালের লড়াই জেতা যাবে না। ফাইনালে উঠতে হলে মাঠের লড়াইয়ে নিজেদের প্রমাণ করতে হবে বাংলাদেশকে।
পাকিস্তানের বিপক্ষে শেষ চারের লড়াইয়ের আগে আলোচনার কেন্দ্রে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার। তবে হামজাকে নিয়ে মোটেও চিন্তিত নন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ ইজাজ বাট। বরং পাল্টা আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, বাংলাদেশের হামজা থাকলে পাকিস্তানেরও বেশ কয়েকজন দুর্দান্ত প্রবাসী ফুটবলার রয়েছেন। তাদের নিয়েই ফাইনালে ওঠার স্বপ্ন দেখছেন বাট। গ্রুপ পর্বের পাকিস্তান আর সেমিফাইনালের পাকিস্তান এক নয়। ফিফার আন্তর্জাতিক বিরতি শুরু হওয়ায় নতুন করে পাঁচজন প্রবাসী ফুটবলার যোগ দিয়েছেন দলটিতে। তাদের অন্তর্ভুক্তিতে পাকিস্তানের শক্তি অনেকটাই বেড়েছে। আর সেটিই বাংলাদেশ ম্যাচের আগে আত্মবিশ্বাস জোগাচ্ছে বাটকে।
গতকাল শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনা এলাকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হামজাকে নিয়ে প্রশ্নের জবাবে পাকিস্তানি গোলরক্ষক বলেন, 'হামজাকে নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি বরং আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলার কথা ভাবছি। বাংলাদেশের ভালো খেলোয়াড় আছে, কিন্তু আমাদেরও খুব ভালো ফুটবলার রয়েছে।' এরপর নিজেদের প্রবাসী ফুটবলারদের নাম উল্লেখ করে বাট বলেন, 'হামজা চৌধুরীকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কিন্তু আমাদের আবদুল্লাহ ইকবাল আছে, ইসা সুলিমান আছে, আদিল নবী আছে, আবদুল সামাদ আরশাদ আছে। আমার কাছে ওরাও অসাধারণ ফুটবলার। আমি নিশ্চয়তা দিতে পারি, আমাদের দলেও দুর্দান্ত কিছু খেলোয়াড় রয়েছে।'
পাকিস্তানের নতুন যোগ দেওয়া ফুটবলারদের মধ্যে সবচেয়ে বড় নামগুলোর একটি আবদুল্লাহ ইকবাল। সুইডেনের ক্লাব ফুটবলে খেলা এই ডিফেন্ডারের ইউরোপিয়ান প্রতিযোগিতার বাছাইপর্বে খেলার অভিজ্ঞতাও রয়েছে। অন্যদিকে ইংল্যান্ডের বয়সভিত্তিক জাতীয় দলে খেলা ইসা সুলিমান বর্তমানে আজারবাইজানের ক্লাব সুমগায়িতে খেলছেন।
বিদেশের লিগে খেলা এক ঝাঁক ফুটবলার আছেন পাকিস্তানের এই দলে। গ্রুপ পর্বে ভারতের কাছে হেরে ও মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। ২১ বছর আগে করাচিতে যে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ, এবার ঢাকায় সেই প্রতিপক্ষকে হারিয়ে কি আবারও ফাইনালে ফিরতে পারবে লাল-সবুজের দল? বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেই উত্তরের।
