আহরারের সেঞ্চুরি, ইয়াসিনের স্পিনে খুলনাকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন ঢাকা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

খুলনার নিশ্চিত পরাজয়ের মুখে ৯ নম্বরে নামলেন জাওয়াদ রোয়েন। পাল্টা আক্রমণের পথ ধরলেন স্পিন বোলিং অলরাউন্ডার। চমৎকার ফিফটিতে সম্ভাবনা জাগালেন ম্যাচ বাঁচানোর, পারলেন না শেষ পর্যন্ত। চার বলের ব্যবধানে শেষ দুই উইকেট নিয়ে ঢাকাকে জেতালেন আশরাফুল ইসলাম।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় একাদশের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা। পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা নির্ধারণী ম্যাচে খুলনাকে ইনিংস ও ৩৫ রানে হারিয়েছে তারা।
চ্যাম্পিয়ন হয়ে তিন লাখ টাকার অর্থ পুরস্কার পায় ঢাকা। খুলনার ঝুলিতে জমা পড়ে দেড় লাখ টাকা।
এবারই প্রথম জাতীয় লিগের মূল একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে দ্বিতীয় একাদশ নামে নতুন টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি। মূল একাদশের মতোই আট বিভাগীয় দল নিয়েই হয় তিন দিনের ম্যাচের এই লড়াই।
রাউন্ড রবিন লিগে সাত ম্যাচে চার জয়, দুই ড্রয়ে শীর্ষে ছিল ঢাকা। ফাইনালেও দাপট দেখিয়েই ট্রফি ঘরে তুলল তারা। লিগপর্বে দাপট দেখায় খুলনাও। সাত ম্যাচের একটিও হারেনি তারা। দুই জয় ও পাঁচ ড্রয়ে দুই নম্বরে ছিল দলটি। তবে ফাইনালে একদমই সুবিধা করতে পারেনি। ফাইনালে প্রথম ইনিংসে খুলনাকে ১৩৭ রানে অলআউট করে ঢাকা। বাঁহাতি স্পিনে ৪৭ রানে ৫ উইকেট নেন ইয়াসিন হোসেন। জবাবে চমৎকার সেঞ্চুরি করেন ঢাকার অধিনায়ক আহরার আমিন। তার ১০ চার ও ৯ ছক্কায় ১৫৯ রানের সৌজন্যে ৮ উইকেটে ৩২৪ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা।
১৮৭ রানে পিছিয়ে থেকে শেষ দিন ম্যাচ বাঁচানোর লড়াইয়ে খুলনা। দুর্দান্ত সেঞ্চুরির পর বল হাতে দারুণ শুরু করেন আহরার। দুই প্রান্তে ইয়াসিন ও আহরারের স্পিনে মাত্র ৫৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে খুলনা।
পরে জাওয়াদ ৮৫ বলে ৭৬ রানের ইনিংস খেললেও পরাজয় এড়াতে পারেননি।
বোলিংয়ে শীর্ষে ইয়াসিন : ঢাকার শিরোপা জয়ে বড় অবদান ইয়াসিনের। মূল একাদশের স্কোয়াডে থাকায় দ্বিতীয় একাদশের দুটি ম্যাচ খেলা হয়নি বাঁহাতি স্পিনারের। তবু দুটি ম্যাচ কম খেলেও সবাইকে ছাড়িয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট তার। শুরু থেকেই ধারাবাহিক বোলিংয়ে ছয় ম্যাচের ১২ ইনিংসে ইয়াসিনের শিকার ৪৭ উইকেট। ফাইনালের দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারেও শক্তি প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। তবে সেটি ওঠে আহরারের হাতে।
চট্টগ্রামের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৭৭.৩ ওভারের মধ্যে একাই ৩৭.৩ ওভার বোলিং করেন ইয়াসিন। ওই ম্যাচে ১৪৯ রানে ৮ উইকেট নেন। প্রথম ইনিংসেও পান ৫ উইকেট। টুর্নামেন্টে এটিই তার সেরা বোলিং। এছাড়া রাজশাহীর বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।
টুর্নামেন্টে এক ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ডটা অবশ্য ইয়াসিনের নয়। বরিশালের বিপক্ষে ১৩৬ রান খরচায় ৯ উইকেট নেন খুলনার বাঁহাতি স্পিনার আওলাদ হোসেন। উইকেট শিকারের তালিকায় দুইয়ে ৩৭ শিকার ধরা ময়মনসিংহের বাঁহাতি স্পিনার রাকিবুল আতিক। সমান ৩৩টি করে উইকেট নিয়ে যৌথভাবে তিন নম্বরে ঢাকার অফস্পিনার আশরাফুল ও রংপুরের অফস্পিনার লিওন ইসলাম।
ব্যাটিংয়ের রাজা ইরফান : ব্যাট হাতে সবার সেরা চট্টগ্রাম বিভাগের ইরফান সাবরি তাকরির। প্রথম দুই রাউন্ডে দুইটি সেঞ্চুরি করে উড়ন্ত শুরু করেন তরুণ ওপেনার। সব মিলিয়ে ১০ ইনিংসে দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৬০.২০ গড়ে তিনি করেন ৬০২ রান। এমন পারফরম্যান্সের সৌজন্যে চট্টগ্রামের প্রথম একাদশে সুযোগ পেয়ে যান ইরফান। যে কারণে দ্বিতীয় একাদশের সপ্তম রাউন্ডে খেলা হয়নি তার। সেই আক্ষেপ অবশ্য থাকার কথা নয়। কারণ মূল একাদশের হয়ে প্রথম খেলতে নেমেই ১০৪ রান করেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সেঞ্চুরি করা বাংলাদেশের মাত্র চতুর্থ ব্যাটসম্যান ইরফান। তার আগে এই কৃতিত্ব আছে শুধু আসিফ আহমেদ, আফিফ হোসেন ও অমিত হাসানের। ব্যাটসম্যানদের তালিকায় দুই নম্বরে সিলেটের মাজহারুল হক। ১১ ইনিংসে চার ফিফটি, এক সেঞ্চুরিতে ৪৮.৩৬ গড়ে তার সংগ্রহ ৫৩২ রান। খুলনার বিপক্ষে তিনি খেলেন ১৭০ রানের ইনিংস। দুর্দান্ত ছন্দের পুরস্কারও পান ২১ বছর বয়সী ওপেনার। মূল একাদশের টুর্নামেন্টে ষষ্ঠ রাউন্ডে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় মাজহারুলের। প্রথম ম্যাচে দুই ইনিংসেই ফিফটি করে সামর্থ্যের ছাপ রাখেন তিনি।
দ্বিতীয় একাদশে দারুণ পারফর্ম করে প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ পান ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে থাকা ওমর হাসান। ১১ ইনিংসে ৫৩১ রান করার পর চট্টগ্রামের প্রথম একাদশে জায়গা পান ২৮ বছর বয়সী ব্যাটসম্যান। এছাড়া রংপুরের মিনহাজুল ইসলাম, শিহাৃব জেমস, শামস নিলয়, লিওন ইসলাম, ময়মনসিংহের রনি চৌহান, চট্টগ্রামের শামীম মিয়ারা দ্বিতীয় একাদশের হয়ে সম্ভাবনাময় পারফর্ম করে মূল একাদশে জায়গা করে নেন।
