নাহিদের গতি কবে ফিরবে মাঠে

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার মাটিতে পেসারদের জন্য অপেক্ষা করছে গতির পরীক্ষা! সেখানে প্রতিপক্ষকে চাপে ফেলতে বাংলাদেশের দরকার ছিল আগুনে গতি আর ধারালো বাউন্স। কিন্তু সিরিজ শুরুর আগেই সেই পরিকল্পনায় বড় শূন্যতা। বাংলাদেশের দ্রুততম পেসার নাহিদ রানা নেই দলে। তার জায়গায় এখন লড়াইটা নিজের শরীরের সঙ্গে। একের পর এক চোটে থমকে গেছে আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা! বোলিংয়ে ফিরলেও কবে ম্যাচে ফিরবেন, সেই উত্তর এখনো অজানা। নাহিদের জন্য সময়টা যেন এক দীর্ঘ অপেক্ষার নাম। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনের চোটে পড়েন তিনি। দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার পরই শেষ হয়ে যায় তার সফর। পরীক্ষায় ধরা পড়ে গ্রেড-টু সাইড স্ট্রেইন। সেই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও মাঠে নামা হয়নি তার। এরপর একের পর এক সিরিজে বাংলাদেশ দল মাঠে নেমেছে, কিন্তু নাহিদের প্রত্যাবর্তন আর হয়নি। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবির একমাত্র টেস্ট, আমিরাতের ত্রিদেশীয় সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট-সবখানেই অনুপস্থিত ছিলেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও একই পরিণতি।

একসময় মনে হয়েছিল, অপেক্ষার অবসান বুঝি আসন্ন। আগস্টের শেষ দিকে ছোট রানআপে বোলিং শুরু করেছিলেন নাহিদ। পরিকল্পনা ছিল, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ দিয়েই ফিরবেন। কিন্তু সেই প্রত্যাবর্তনের প্রস্তুতির মধ্যেই দেখা দেয় নিতম্বের ব্যথা। ঢাকায় পরীক্ষায় বড় কোনো সমস্যা ধরা না পড়লেও নিশ্চিত হতে তাকে আবার যেতে হয় অস্ট্রেলিয়ায়। সেখানে পরীক্ষা করাতে গিয়ে সামনে আসে নতুন দুশ্চিন্তা। পুরোনো শিনবোনের চোটের পাশাপাশি ধরা পড়ে ল্যাব্রাম টিয়ার। পুনর্বাসনের সময় আরও বেড়ে যায়। যে পেসারকে ঘিরে বাংলাদেশের ভবিষ্যৎ গতির স্বপ্ন, সেই পেসারকেই এখন কাটাতে হচ্ছে হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্রের সময়।

অস্ট্রেলিয়ার কোস্টাল অর্থোপেডিক হাসপাতালে চলছে নাহিদের চিকিৎসা। পিটার দি আলেসান্দ্রোর তত্ত্বাবধানে তার জন্য রাখা হয়েছে আলাদা ফিজিও ও ট্রেনার। তাদের অধীনে পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন তিনি। স্বস্তির খবর, গত সপ্তাহে আবার বোলিং শুরু করেছেন। দীর্ঘদিন পর বল হাতে নেওয়া তার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি। গতকাল তার দেশে ফেরার কথা ছিল।

তবে বোলিং শুরু করাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার নিশ্চয়তা হিসেবে দেখছে না বাংলাদেশ দল। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, নাহিদ দ্রুত ফিরতে চান। কিন্তু তার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চান না তারা। বাশার বলছিলেন, 'গতকাল নাহিদ রানার সঙ্গে আমার কথা হয়েছে। সে অস্ট্রেলিয়া থেকে ফোন করেছিল। সে দ্রুত ফেরার আশা করছে। আমরা তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না।' দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে না থাকলেও সামনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সুযোগ রয়েছে। ওয়ানডে শুরু ১ ডিসেম্বর, আর টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১০ ডিসেম্বর থেকে। এই দুই সংস্করণের দল এখনো ঘোষণা হয়নি। নাহিদের জন্য দরজা পুরোপুরি বন্ধ নয়। তবে প্রশ্ন একটাই-শরীর কি এবার তাকে ফিরতে দেবে? বোলিং শুরু করেছেন, কিন্তু ম্যাচের চাপ নেওয়ার মতো প্রস্তুত হতে কত দিন লাগবে, তা নিশ্চিত নয়।