৭০ লাখ টাকায় পাওয়া যাবে ফারহানকে

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ইংলিশ ফুটবলে নিজের জায়গা তৈরির লড়াইয়ে ব্যস্ত বাংলাদেশের তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। প্রতিভা ও পারফরম্যান্সে ইতিমধ্যে নজর কেড়েছেন ফুলহামের। বয়স ভিত্তিক ফুটবলে দুর্দান্ত সময় কাটিয়ে এখন অভিজ্ঞতা অর্জন করছেন বোরহ্যাম উডের হয়ে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে তার বর্তমান বাজারমূল্য। ট্রান্সফার মার্কেটের হিসাবে ফারহানের দাম ৫০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭০ লাখ টাকা। তবে তাকে পেতে কোনো ক্লাবকে ঠিক কত অর্থ খরচ করতে হবে সেই হিসাব এখনো অজানা!

ফারহানের সম্ভাব্য ট্রান্সফার মূল্য নিয়ে কৌতূহলের কারণও আছে। ইংল্যান্ডের অন্যতম পরিচিত ক্লাব ফুলহামের সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। ২০২৫ সালে প্রথম পেশাদার চুক্তিতে সই করেন তিনি। পরের বছর ২০২৬ সালের জুনে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ায় ক্লাবটি। তবে চুক্তিতে কোনো রিলিজ ক্লজ কিংবা বাই-আউট অঙ্ক প্রকাশ করেনি ফুলহাম। ফলে ৫০ হাজার ইউরোর বাজারমূল্য থাকলেও এই অর্থেই তাকে পাওয়া যাবে কি না তা নিশ্চিত নয়! ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর ফারহানের বাজারমূল্য হালনাগাদ করে ৫০ হাজার ইউরো নির্ধারণ করে ট্রান্সফারমার্কেট। তরুণ এই উইঙ্গারের জন্য এটি এখন পর্যন্ত প্রকাশিত বাজারমূল্যের হিসাব। তবে তার ক্যারিয়ারের গতিপথ বিবেচনায় ভবিষ্যতে এই মূল্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।

ফারহানের ফুটবলযাত্রা শুরু চেলসির একাডেমিতে। ২০১৯ সালে যোগ দেন ফুলহামের বয়সভিত্তিক দলে। অনূর্ধ্ব-১২ পর্যায় থেকে ধাপে ধাপে এগিয়ে জায়গা করে নেন ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলে। সেখানে নিজের প্রতিভার জানান দিয়ে ২০২৫ সালে পান প্রথম পেশাদার চুক্তি। ২০২৫-২৬ মৌসুমে অনূর্ধ্ব-২১ দলের হয়ে প্রিমিয়ার লিগ-২ প্রতিযোগিতায় ছিলেন দুর্দান্ত। ছয় গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও নয়টি গোল। তার এমন পারফরম্যান্সে জায়গা হয়েছিল প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায়। ২০২৫ সালের নভেম্বরে জিতেছিলেন মাসসেরার পুরস্কার। পরে ফুলহামের অনূর্ধ্ব-২১ দলের বর্ষসেরাও নির্বাচিত হন।

একাডেমির ফুটবলে নিজের সামর্থ্য প্রমাণ করলেও সিনিয়র পর্যায়ে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে ফারহানকে। সে কারণেই ২০২৬ সালের আগস্টে ধারে ন্যাশনাল লিগের দল বোরহ্যাম উডে পাঠায় ফুলহাম। ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত সেখানেই থাকার কথা তার। ক্লাবটির হয়ে ২০ নম্বর জার্সিতে খেলছেন এই বাংলাদেশি উইঙ্গার। ফারহানের ক্যারিয়ার নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহের আরেকটি বড় কারণ তার জাতীয় দল নির্বাচন। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা এই তরুণ ২০২৬ সালে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। এরপর থেকেই তাকে ঘিরে প্রত্যাশা বাড়ছে সমর্থকদের।

তবে এখনই বড় কোনো ট্রান্সফার কিংবা আর্থিক অঙ্ক নিয়ে আলোচনার চেয়ে ফারহানের জন্য বেশি গুরুত্বপূর্ণ সিনিয়র ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করা। বোরহ্যাম উডে নিয়মিত ভালো পারফরম্যান্স দেখাতে পারলে ফুলহামে ফেরার সুযোগ তৈরি হবে। খুলতে পারে আরও বড় ক্লাবে যাওয়ার দরজাও। ৫০ হাজার ইউরোর বর্তমান বাজারমূল্য তাই ফারহানের সম্ভাবনার কেবল একটি প্রাথমিক হিসাব।