জায়েদের ম্যাজিকে শিরোপা লড়াইয়ে উত্তাপ ছড়াল সিলেট

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

একটি জয়, দুটি বোনাস পয়েন্ট আর অসাধারণ এক বোলিং পারফরম্যান্স-জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডে সিলেটের প্রাপ্তির খাতাটা বেশ সমৃদ্ধ। বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়ে শিরোপার দৌড়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে দলটি। এখন তাদের অপেক্ষা খুলনার ম্যাচের ফলের। রংপুরের বিপক্ষে খুলনা হারলেই শিরোপা পাবে সিলেট। আর হার এড়াতে পারলেই রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হবে খুলনা! খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের জয়ের নায়ক দুজন। একজন ব্যাট হাতে আশরাফুল হাসান রিহাদ, অন্যজন বল হাতে আবু জায়েদ চৌধুরী রাহি। গতকাল সোমবার আশরাফুলের ১১৩ রানের ইনিংস সিলেটকে এনে দেয় বড় সংগ্রহ।