এবার সিঙ্গাপুরের জালে ব্রাজিলের 'সেভেন আপ'
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের নামের সঙ্গে 'সেভেন আপ' জড়িয়ে গেছে জার্মানির কাছে ৭-১ গোলের বিপর্যয়ের পর।
তবে ব্রাজিল শুধু 'সেভেন আপ' খায় না, দেয়ও। এবার যেমন সিঙ্গাপুরের জালে ৭ গোল দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আজ (মঙ্গলবার) ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আনচেলত্তির দল জিতেছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে।
প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। ১২ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেন ভিনিসিয়ুস জুনিয়র। একটি গোল করেন এনদ্রিক। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ৩ গোলের মধ্যে এস্তেভাও ও রায়ান করেন একটি করে। বাকি গোলটি সিঙ্গাপুরের আত্মঘাতী। দুই দলের শক্তিমত্তার মধ্যে বিস্তর ফারাক। মাঠেও সেটার প্রতিফলন দেখা গেছে। সিঙ্গাপুরকে রীতিমত নাকানি চুবানি খাইয়েছে ব্রাজিল।
ম্যাচের নবম মিনিটে ভিনিসিয়ুসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ব্রুনো গিয়ামারেসের অ্যাসিস্টে বক্সের বাঁ দিক থেকে বল জালে পাঠান তিনি (১-০)।
ছয় মিনিটের মধ্যে আরও এক গোল ভিনিসিয়ুসের।
এবার এনদ্রিকের বাড়িয়ে দেওয়া বল বক্সের বাঁ দিক থেকেই গোল পরিণত করেন তিনি (২-০)। ২১ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার। গোলরক্ষকের খুব কাছে থেকে গোলটি করেন রিয়াল তারকা (৩-০)। ম্যাচের আধ ঘণ্টা পেরোতেই ৪-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৩১ মিনিটে গোল উৎসবে যোগ দেন তরুণ তুর্কি এনদ্রিক। এস্তেভাওয়ের অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি।
দ্বিতীয়ার্ধেও গোলের ধারা থামেনি। এর আগে দুই গোলে অবদান রাখা এস্তেভাও নিজের খাতা খোলেন ৫০ মিনিটে। সেট পিস থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে জাল কাঁপান তিনি (৫-০)। ৬৫ মিনিটে অ্যালানের দুর্দান্ত থ্রো বল থেকে গোল করেন রায়ান। ৭৪ মিনিটে নিজেদের লজ্জা আরও বাড়ান সিঙ্গাপুরের রাউল সোহাইমি। আত্মঘাতী গোলে ৭-০ ব্যবধানে পিছিয়ে পড়ে সিঙ্গাপুর। শেষ পর্যন্ত ওই বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছেড়েছে আনচেলত্তির ব্রাজিল।
