আর্জেন্টিনার কোচিং স্টাফে মেসি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আর্জেন্টিনার জার্সিতে আর মাঠে দেখা যাবে না লিওনেল মেসিকে। তবে জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক যে এখানেই শেষ হচ্ছে না, সেই ইঙ্গিতই দিলেন কোচ লিওনেল স্কালোনি। সুযোগ পেলে তাকে কোচিং স্টাফে স্বাগত জানাতেও প্রস্তুত বিশ্বকাপজয়ী এই কোচ। সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলের বিদায়ের প্রেক্ষাপটে মেসিকে নিয়ে এমন সম্ভাবনার কথাই মজার ছলে তুলে ধরেছেন তিনি।

চলতি বছরের শেষ প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই আলবিসেলেস্তেদের কোচিং স্টাফ ছাড়ছেন ওয়াল্টার স্যামুয়েল। তার বিদায়ের পর নতুন কাউকে যুক্ত করা হবে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের পাশাপাশি আলোচনায় আসে মেসির নামও। সেখানেই আর্জেন্টাইন অধিনায়ককে কোচিং স্টাফে পাওয়ার ইচ্ছার কথা জানান স্কালোনি। তিনি বলেন, 'সে (মেসি) যদি এখানে আসতে চায়, তাহলে কোনো সমস্যা নেই। এখন ওয়াল্টার চলে যাচ্ছে, দেখা যাক। সে আসুক।'

স্কালোনির এই মন্তব্যে মেসির ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনার সুযোগ তৈরি হলেও বাস্তবতা অবশ্য কিছুটা ভিন্ন। কারণ, খেলোয়াড়ি জীবন শেষ হলে কোচিং পেশায় আসার কোনো আগ্রহ নেই বলে আগেই জানিয়েছেন মেসি। বরং ফুটবলের প্রশাসনিক ও ব্যবস্থাপনাসংক্রান্ত কাজে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

ইতিমধ্যে সেই আগ্রহের বাস্তব প্রতিফলনও দেখা যাচ্ছে। আর্জেন্টিনার রোজারিওর ক্লাব লিওনেস, স্পেনের এলদেনসে এবং উরুগুয়ের দেপোর্তিভো এলএসএমের সঙ্গে যুক্ত হয়েছেন মেসি। আপাতত তাকে আর্জেন্টিনার ডাগআউটে দেখার সম্ভাবনা খুব একটা নেই। তবে স্কালোনির দরজা যে তার জন্য সব সময় খোলা, সেটি স্পষ্ট!

কোচিং স্টাফে মেসিকে পাওয়ার আগ্রহ প্রকাশের পাশাপাশি তার খেলোয়াড়ি ভবিষ্যৎ নিয়েও আশাবাদী স্কালোনি। জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে আরও দীর্ঘ সময় তাকে মাঠে দেখতে চান আর্জেন্টিনা কোচ। এমনকি ২০৩০ সালের পরও মেসির খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন তিনি।

স্কালোনি বলেন, 'আমার মনে হয়, সে খেলা চালিয়ে যাবে। ২০৩০ সালের পরও খেলবে। জাতীয় দলকে সে ইতোমধ্যেই বিদায় জানিয়েছে, তবে একজন ফুটবলার হিসেবে সে যত দিন পারে খেলা চালিয়ে যাক, সেটাই আমাদের প্রত্যাশা।' এদিকে স্যামুয়েলের বিদায়ে আর্জেন্টিনার কোচিং স্টাফে আপাতত নতুন কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেই স্কালোনির। বর্তমান দল নিয়েই কাজ চালিয়ে যেতে চান তিনি। প্রয়োজনে বয়সভিত্তিক দলের কোচদের সহায়তা নেওয়ার কথাও ভাবছেন। নএ প্রসঙ্গে স্কালোনি বলেন, 'প্রাথমিকভাবে আমরা কাউকে যুক্ত করছি না। আমাদের বিশ্বাস, বর্তমান দল নিয়েই কাজ চালিয়ে যেতে পারব।