ব্যাটিং ধসে মহাবিপদে বাংলাদেশ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রথম ইনিংসে চারশ করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বেশ বড় বিপদে পড়েছে। একশ হওয়ার আগেই পাঁচ উইকেট নেই তাদের। চা বিরতির আগে বাংলাদেশ তিন উইকেট হারায়। শেষ সেশনের শুরুতে দ্রুত আরও দুটি উইকেট পড়ে। ৮৭ রানের মধ্যে ব্যাটিং লাইনের প্রথম পাঁচ ব্যাটার বিদায় নিয়েছেন। আলোর স্বল্পতায় চতুর্থ দিনের বাকি ৮০ মিনিটের খেলা নিয়ে শঙ্কা জেগেছে। দক্ষিণ আফ্রিকাকে ৫৫৭ রানে অলআউট করে বাংলাদেশ। ১৫৭ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে সাত বলের মধ্যে দুই ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। মাত্র এক রানের ব্যবধানে জোড়া আঘাত। দলীয় ১১ রানে প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম থামেন। ইয়ানসেনের বলে রায়ান রিকেলটনের গ্লাভসে ধরা পড়েন তিনি। দক্ষিণ আফ্রিকান পেসারের আগের ওভারের শেষ বলে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন। তানজিদ রিভিউ নিয়ে বেঁচে যান, তার ব্যাট নয় প্যাড ছুঁয়ে বল পড়েছিল রিকেলটনের হাতে। কিন্তু ইয়ানসেনের পরের ওভারের প্রথম বলে থামতে হলো তাকে মাত্র ৪ রান করে। নতুন ব্যাটার হিসেবে নেমে মুমিনুল হক খেলতে পেরেছেন মাত্র ৩ বল। প্রথম ইনিংসে ডাক মারা এই ব্যাটার ১ রান করে রাবাদার বলে বোল্ড হন। ১১ ও ১২ রানে বাংলাদেশ হারায় দুটি উইকেট। আগের ইনিংসে ম্যাচের প্রথম বলে ডাক মারা মাহফিজুল ইসলাম রবিন দুইবার জীবন পান। একবার প্রথম স্লিপে উইয়ান মুল্ডারের হাত ফসকে, আরেকবার রিভিউ নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি রানের খাতা খোলেন রাবাদাকে চার মেরে।

রবিনকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ৩১ রানের জুটি গড়ে থামেন। সিমন হারমারের বল খোঁচা দিয়ে এইডেন মারক্রামের সহজ ক্যাচ হলে ১১ রানে থামে অধিনায়কের ইনিংস। প্রথম ইনিংসে দারুণ পারফর্ম করা তাওহীদ হৃদয় রবিনকে নিয়ে দলীয় স্কোর ৫৮ রানে রেখে চা বিরতিতে যান। ফিরে চতুর্থ ওভারে এই জুটি ভেঙে যায়। প্রথম ইনিংসে ডাক মারা রবিন ৩২ রানে হারমারের বলে বোল্ড হন। হৃদয়কে ২৩ রানে রিকেলটনের ক্যাচ বানান রাবাদা। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০০ রান। ইনিংস হার এড়াতে এখনও প্রয়োজন ৫৭ রান। বাংলাদেশের এই বিপর্যয়ের পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকার বিশাল প্রথম ইনিংস। অথচ একটা সময় ম্যাচে বেশ ভালো অবস্থানে ছিল সফরকারীরা। ৪০০ রান তুলে বাংলাদেশ এগিয়ে ছিল ১৪ রানে। বিপরীতে ৩৭৬ রানে সাত উইকেট হারিয়ে তখন বেশ অস্বস্তিতে ছিল স্বাগতিকরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের চিত্রই পাল্টে দিয়েছে তারা। দক্ষিণ আফ্রিকার ঘুরে দাঁড়ানোর নায়ক রায়ান রিকেলটন ও মার্কোস অ্যাকারমান। দুজনের ব্যাটে এসেছে দুটি দুর্দান্ত সেঞ্চুরি। অ্যাকারমান ১৬৪ বলে ২১টি চার ও একটি ছক্কায় করেছেন ১৫৭ রান। টেস্ট ক্যারিয়ারে এটি তার প্রথম শতক। অন্যদিকে রিকেলটন খেলেছেন ১৬৫ বলে ১০২ রানের ইনিংস। তার ব্যাট থেকে এসেছে ১৩টি চার ও একটি ছক্কা।