মেসিবিহীন আর্জেন্টিনার গোল উৎসব
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
একটা সময় ছিল, আর্জেন্টিনার আক্রমণ মানেই লিওনেল মেসির দিকে তাকিয়ে থাকা। সেই মেসি নেই, নেই তার বাঁ পায়ের জাদু কিংবা প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়ানো উপস্থিতি। কিন্তু আর্জেন্টিনার ফুটবল যে একজনের ওপর নির্ভরশীল নয়, সেই বার্তাই যেন দিতে শুরু করেছে লিওনেল স্কালোনির দল। উরুগুয়ের কাছে হারের ধাক্কা সামলে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে বছর শেষ করেছে আলবিসেলেস্তেরা। আর এই গোল উৎসবের মধ্যমণি হয়ে উঠেছেন মেসির উত্তরসূরি হিসেবে আলোচনায় থাকা একঝাঁক তরুণ! বাংলাদেশ সময় গতকাল বুধবার সকালে কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়ক তিনজন-নিকো পাজ, হুলিয়ান আলভারেস ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। প্রত্যেকেই করেছেন জোড়া গোল। বাকি গোলটি আলেক্সিস মাক আলিসতারের। স্কোরলাইন ৭-০ হলেও ম্যাচটির গুরুত্ব শুধু বড় জয়ে সীমাবদ্ধ নয়। মেসিবিহীন নতুন আর্জেন্টিনার সম্ভাবনাও ফুটে উঠেছে এই পারফরম্যান্সে।
এর আগে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে কিছুটা চাপে পড়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির বিদায়ের পর প্রথম ম্যাচেই হার-স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, কিংবদন্তির অনুপস্থিতিতে দলটির আক্রমণভাগ কতটা কার্যকর থাকবে? সেই প্রশ্নের জবাব দিতে খুব বেশি সময় নেননি তরুণেরা। কোস্টারিকার বিপক্ষে তিনটি জোড়া গোলই বলে দিচ্ছে, দায়িত্ব নেওয়ার মতো ফুটবলার স্কালোনির হাতে কম নেই। বিশেষ নজর কেড়েছেন নিকো পাজ। মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাকে নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই।
