থাইল্যান্ডকে হারিয়েও বিদায় নিল বাংলাদেশ
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
শেষ বলে জয়ের জন্য থাইল্যান্ডের প্রয়োজন ৮ রান। জান্নাতুল ফেরদৌসের বলে কানায় লেগে বাউন্ডারি পেয়ে গেলেন আফিসা সুয়াঞ্চনরাঠি। জয়ের উদযাপনের বদলে তখন মাথায় হাত নিগার সুলতানার। কাছাকাছি থাকা অন্যরাও করলেন না উদযাপন। কারণ জয়ের ব্যবধান কমে যাওয়ায় বেজে যায় বিদায়ঘণ্টা। আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফিতে শেষ ম্যাচে বাংলাদেশের প্রয়োজন ছিল বড় জয়। কিন্তু থাইল্যান্ডের বিপক্ষে গতকাল বুধবার তারা পায় স্রেফ ৩ রানের জয়। একই সময়ে নেদারল্যান্ডসকে ৩৩ রানে হারিয়ে সুপার সিক্সের টিকিট পেয়ে যায় জিম্বাবুয়ে। ওমানের আজমানে আরও একবার ব্যাটিং ব্যর্থতায় পোড়ে বাংলাদেশ। তুলনামূলক দুর্বল থাইল্যান্ডের বিপক্ষেও আগে ব্যাট করে ১৩২ রানের বেশি হয়নি তাদের স্কোর। বোলারদের নৈপুণ্যে প্রতিপক্ষকে কোনোমতে ১২৯ রানে আটকে রাখায় মেলে সান্ত্বনার জয়। 'বি' গ্রুপে চার ম্যাচে বাংলাদেশের জয় দুটি। জিম্বাবুয়েও জিতেছে দুই ম্যাচ। শ্রেয়তর নেট রান রেটের সৌজন্যে তারাই পেয়েছে পরের রাউন্ডের টিকিট। নেট রান রেটের ব্যবধান খুব বেশি নয়, বাংলাদেশ -০.২০ ও জিম্বাবুয়ে -০.০৯! অর্থাৎ আরেকটু বড় ব্যবধানে জিতলেই হতো বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হেরে পথচলা শুরু করে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় তারা। নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরে যাওয়ায় সুপার সিক্সের স্বপ্নে লাগে ধাক্কা। যার ফলে শেষ ম্যাচ জিতেও লাভ হয়নি তাদের। ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে তিন ওভারের মধ্যে দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে শারমিন আক্তার ও নিগার সুলতানা মিলে যোগ করেন ৩৮ রান। তবে রানের গতি বাড়াতে ব্যর্থ দুই অভিজ্ঞ ব্যাটার। ১৬ রান করতে ২৩ বল খেলেন শারমিন। এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক সোবহানা মোস্তারিকে নিয়ে ৩৯ বলে ৪৬ রানের জুটি গড়েন নিগার। দলের একশ হওয়ার ঠিক আগে ২৬ বলে ২৮ রান করে ফেরেন সোবহানা।
