গ্লাভস হাতে বিশ্বজয় লিটনের
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ব্যাট হাতে রান করার গল্প নয়, এবার লিটনের শ্রেষ্ঠত্বের মঞ্চ হয়ে উঠল উইকেটের পেছনের জায়গাটুকু। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এমন এক কীর্তি গড়লেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। এক ইনিংসে আটটি ডিসমিসাল করে ৪৭ বছরের পুরোনো বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন লিটন দাস। দক্ষিণ আফ্রিকার ইনিংসে উইকেট পতনের সঙ্গে যেন বারবার উচ্চারিত হয়েছে লিটনের নাম। কখনো ক্যাচ লুফে নিয়েছেন, কখনো স্টাম্প ভেঙে ফিরিয়েছেন ব্যাটারকে। প্রোটিয়াদের প্রথম ইনিংসে মোট আটটি উইকেটের পতনে সরাসরি অবদান তার। ছয়টি ক্যাচের পাশাপাশি দুটি স্টাম্পিং-উইকেটের পেছনে এমন নিখুঁত পারফরম্যান্সই তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়!
গতকাল বুধবার বিশ্বরেকর্ড গড়ার মুহূর্তটিও ছিল বেশ নাটকীয়। মেহেদী হাসান মিরাজের বলে টানা দুটি ছক্কা হাঁকিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন কাগিসো রাবাদা। দ্বিতীয় ছক্কায় টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের দেখাও পান তিনি। তাই পরের বলেও বড় শটের আশায় ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। কিন্তু এবার ব্যাটে-বলে হলো না। বল চলে যায় লিটনের গ্লাভসে, আর মুহূর্তেই স্টাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন রাবাদা। সেই সঙ্গে ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে যায় লিটনের নাম!
এর আগে দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটনকেও স্টাম্পিং করে ফিরিয়েছিলেন লিটন। তার ছয়টি ক্যাচের সঙ্গে সেই স্টাম্পিং যুক্ত হয়েই গড়েছিল নতুন রেকর্ড। পরে রাবাদাকে ফিরিয়ে এক ইনিংসে আট ডিসমিসালের পূর্ণতা দেন তিনি। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের রেকর্ড ছিল এত দিন। ১৯৭৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ওয়াসিম বারি প্রথম এই কীর্তি গড়েন।
