রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ 'এ' দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৯ ওভার বাকি থাকতেই ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে হংকং ৮ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে। দলীয় ৫২ রানে ৩ উইকেট হারালেও চতুর্থ উইকেটে অংশুমান রাত (৭৭) ও আইজাজ খানের (৬৭) ১২৮ রানের জুটিতে ২০০ রান পার করে তারা। বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ৯ ওভারে ৩৩ রান খরচ করে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও অধিনায়ক সাইফ হাসান প্রত্যেকে ১টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে পারভেজ হোসেন (১২) আউট হলেও দলের হাল ধরেন অধিনায়ক সাইফ হাসান ও শাহাদাৎ হোসেন। দ্বিতীয় উইকেটে তাঁদের ৮৪ রানের জুটি জয় সহজ করে দেয়। শাহাদাৎ ৪৩ রান করে আউট হলেও ১১৬ বলে ৮৬ রানের চমৎকার ও দায়িত্বশীল অপরাজিত ইনিংস খেলে দলকে জয় নিয়ে মাঠ ছাড়েন সাইফ। তার সঙ্গে উইকেটে থেকে ৫১ বলে ৭১ রানের দারুণ এক ঝোড়ো ইনিংস খেলেন ইয়াসির আলী। আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান 'এ' দলের মুখোমুখি হবে বাংলাদেশ।