এমএলএসে সবচেয়ে বেশি বেতন মেসির

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার হিসেবে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন ইন্টার মায়ামির মহাতারকা লিওনেল মেসি। বৃহস্পতিবার এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (খেলোয়াড়দের ইউনিয়ন) প্রকাশিত বেতনের তালিকা অনুযায়ী, আর্জেন্টাইন এই কিংবদন্তির নিশ্চিত পারিশ্রমিক (গ্যারান্টিড কম্পেনসেশন) ২ কোটি ৮৩ লাখ (২৮.৩ মিলিয়ন) মার্কিন ডলার। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শিকাগো ফায়ারের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি।

খেলোয়াড়দের ইউনিয়নের প্রকাশিত তথ্যমতে, মেসির এবারের পারিশ্রমিক গত বছরের তুলনায় প্রায় ৮০ লাখ (৮ মিলিয়ন) ডলার বেড়েছে। তবে এই হিসাবে কেবল মাঠে খেলার পারিশ্রমিক অন্তর্ভুক্ত করা হয়েছে; বাণিজ্যিক চুক্তি বা অন্যান্য উৎস থেকে প্রাপ্ত আয় এর বাইরে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত বছর ইন্টার মায়ামির সাথে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন মেসি।