
যে মাঠ একসময় দেশের ফুটবলের প্রাণকেন্দ্র ছিল, যেখানে প্রিয় দলের খেলা দেখতে গ্যালারিতে ভিড় জমাত হাজারো দর্শক, সেই মাঠেই আবার ফিরছে ক্লাব ফুটবলের লড়াই। দীর্ঘ পাঁচ বছর দুই মাসের অপেক্ষা শেষে ২৪ নভেম্বর ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল। প্রত্যাবর্তনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
শুধু দুটি দলের লড়াই নয়, এই ম্যাচের মধ্য দিয়ে যেন ফিরে আসবে দেশের ফুটবলের হারিয়ে যাওয়া এক ঐতিহ্য। সেদিন শুধু ঢাকাই নয়, একই সঙ্গে মুন্সীগঞ্জে আবাহনী লিমিটেড ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এবং মানিকগঞ্জে ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি এফসির লড়াইয়ে একযোগে মাতবে দেশের ফুটবল। সর্বশেষ ২০২১ সালের ২০ সেপ্টেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ঘরোয়া ফুটবলের ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেই ম্যাচে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের লড়াই শেষ হয়েছিল ১-১ গোলে। এরপর সংস্কারকাজের কারণে দীর্ঘ সময় ঘরোয়া ফুটবলের বাইরে ছিল দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই ভেন্যু। সংস্কার শেষে ২০২৫ সালের জুনে আন্তর্জাতিক ফুটবল ফিরলেও ক্লাব ফুটবলের প্রত্যাবর্তন হচ্ছিল না। অবশেষে ফেডারেশন কাপ দিয়ে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। জাতীয় স্টেডিয়াম শুধু একটি খেলার মাঠ নয়, বাংলাদেশের ফুটবল ইতিহাসের আবেগ ও ঐতিহ্যের অংশ। এই মাঠ ঘিরে রয়েছে অসংখ্য স্মৃতি, সাফল্য আর দর্শকদের ভালোবাসা। তাই ঘরোয়া ফুটবলের এই প্রত্যাবর্তন ক্লাবগুলোর জন্য যেমন আনন্দের, তেমনি ফুটবলপ্রেমীদের জন্যও বিশেষ এক উপলক্ষ। আর এবারই প্রথম জাতীয় স্টেডিয়ামে খেলতে নামছে ফর্টিস ফুটবল ক্লাব। ফুটবলের হোম গ্রাউন্ডে নিজেদের অভিষেকটা জয় দিয়ে রাঙাতে চায় ক্লাবটি। ফর্টিস ফুটবল ক্লাবের ম্যানেজার রাশেদুল ইসলাম গতকাল সমকালের সঙ্গে বলেন, 'প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে যাচ্ছি। আমরা ভীষণ রোমাঞ্চিত। নতুন ও বিদেশি খেলোয়াড়দের এই বিষয় নিয়ে আলোচনা করতে শুনেছি। ম্যাচটি জিতে এবং একই সঙ্গে সুন্দর ফুটবল খেলে জাতীয় স্টেডিয়ামে অভিষেকটা স্মরণীয় করে রাখতে চাই। আমরা ফর্টিস এফসি ভালো মাঠ পেলে সুন্দর ফুটবল খেলে থাকি। সমস্যা হলো গত কয়েক বছরে কিংস অ্যারেনা ছাড়া ভালো মাঠ ছিল না। সাফ চ্যাম্পিয়নশিপের ব্যস্ততা শেষে ঘরোয়া ফুটবলে এই প্রত্যাবর্তন যেমন দর্শকদের মনে স্বস্তি ফেরাবে, তেমনি ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ফুটবল লিগ দিয়ে দেশের ফুটবলে জমে উঠবে নতুন উত্তাপের আরেকটি অধ্যায়। দীর্ঘ বিরতির পর জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের এ প্রত্যাবর্তন দেশের ফুটবলে নতুন প্রাণ সঞ্চার করবে, এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।