দেশে ফিরিয়ে আনা হচ্ছে হাসান মাহমুদকে
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে দ্বিতীয় ম্যাচের আগেও বড় ধাক্কা টাইগার শিবিরে। সাম্প্রতিক সময়ে টানা পারফর্ম করে যাওয়া পেসার হাসান মাহমুদ খেলবেন না পরের টেস্টে। তাকে দেশে ফেরানো হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই খবর নিশ্চিত করেছে। টেনিস এলবো চোট আগেই ছিল। সেটা কাটিয়ে মাঠে ফেরার পর টানা খেলছিলেন হাসান। আগস্টে অস্ট্রেলিয়া সফরের দুই টেস্ট থেকে শুরু। চার মাসের মধ্যে দেশে ও বাইরে মিলিয়ে তিনি খেলেছেন ছয়টি টেস্ট। জাতীয় দলের ব্যস্ততার ফাঁকে আবার ছিল কাউন্টি ক্রিকেটেও দুই ম্যাচ। দেশে থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কনুইয়ে টেপ পেচিয়ে বোলিং করতে দেখা যায় তাকে। জানা গিয়েছিল অস্বস্তিটা ফিরেছে। টেনিস এলবো হলো কনুইয়ের বাইরের দিকের টেন্ডনে অতিরিক্ত চাপের কারণে সৃষ্ট চোট, যা মূলত কবজি ও হাতের পেশির পুনরাবৃত্ত ব্যবহারে হয়ে থাকে। এ চোটে কনুইয়ের বাইরের অংশে ব্যথা হয় এবং ব্যাট ধরা কিংবা ভারী কিছু তুলতেও সমস্যা হতে পারে।
