তুরস্কে ম্যাচ খেলার আমন্ত্রণ বাংলাদেশের
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

২০২৬ সালে ফিফা উইন্ডো আর নেই। ফলে ২০২৬ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগও সেভাবে নেই। ২০২৭ সালে প্রথম ফিফা উইন্ডো ২২-৩০ মার্চ। সেই উইন্ডোর আগেই বাংলাদেশের প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব এসেছে।
জানুয়ারির মাঝামাঝিতে তুরস্কে বাংলাদেশের বিপক্ষে এক কিংবা একাধিক প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে কিরগিজস্তান। বাফুফে সম্প্রতি কিরগিজস্তান ফুটবল ফেডারেশন থেকে এই আমন্ত্রণ পেয়েছে। গতকাল জাতীয় দল কমিটির সভায় সভাপতি তাবিথ আউয়াল এই বিষয়টি দেখার জন্য জাতীয় দলের সাবেক ম্যানেজার ও জাতীয় দল কমিটির এক সদস্যকে দায়িত্ব দিয়েছেন।
বাংলাদেশ ফুটবল লিগ ২৭ নভেম্বর থেকে পুনরায় শুরু হবে। প্রথম লেগ শেষ হবে ১৬ জানুয়ারি। এরপর মধ্যবর্তী দলবদলের বিরতি। সেই বিরতির সময় জাতীয় দলের ম্যাচ খেলানোর বিষয়টি খানিকটা বিবেচনা করছে ফেডারেশন। যদিও ওই সময় ফিফা উইন্ডো না থাকায় হামজা-ফারহান-সামিতদের ক্লাব থেকে ছাড়পত্র পাওয়ার কোনো সম্ভাবনা নেই। জাতীয় দল কমিটি বিগত এক সভায় সিনিয়র দলের পাশাপাশি অ-২৩ দলকেও প্রস্তুত রাখার পরিকল্পনা করেছিল।
সিনিয়র দল সম্ভব না হলে অ-২৩ দল পাঠানোর ভাবনাও রয়েছে ফেডারেশনের। তুরস্কে জানুয়ারির ঠান্ডা, কিরগিজস্তান কি সুযোগ-সুবিধা প্রদান করবে পাশাপাশি বাংলাদেশের অবস্থা বিবেচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করবে ফেডারেশন।
গতকাল জাতীয় দল কমিটির সভায় কোচ থমাস ডুলি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন। পাশাপাশি দলের সাথে থাকা কর্মকর্তাদের দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে ম্যানেজার, টিম লিডার ও কো-অর্ডিনেটর থাকা তিন জনের মধ্যে সমন্বয়হীনতা এবং অনৈক্যের বিষয়টি ফুটে উঠেছে আবার। এই অবস্থা সৃষ্টি হওয়ার পেছনে এবং সমাধান না হওয়ার জন্য বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে কড়া প্রশ্নের মুখে ফেলেন এক সদস্য।
আসিয়ান কাপের পর সাফেও হামজাদের দলনেতা ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও ফেডারেশনের সদস্য ইকবাল হোসেন। ক্যাম্প শুরু হওয়ার পর অনুশীলন মাঠে তাকে কমই দেখা গেছে। প্রথম দুই ম্যাচের সময়ও তিনি ছিলেন না। বাংলাদেশ দল সেমিফাইনালে উঠার পর তিনি আবার আর্বিভাব হন। শুক্রবার তিনি ও ম্যানেজার বাবু হামজাকে দুই পাশে দুই হাত ধরে নামাজ পড়তে নিয়ে যাওয়ার দৃশ্যটি ব্যাপক সমালোচনার শিকার হয়েছে। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে ফুটবলার সাদ উদ্দিন ব্যাথা পেয়েছেন। গুরুত্বপূর্ণ খেলোয়াড় বড় ইনজুরিতে পড়েছেন টুর্নামেন্ট শেষে সেভাবে খোঁজ রাখেননি দায়িত্বপ্রাপ্তরা। সেই দায় শেষ পর্যন্ত পড়েছে কালকের সভায় সাধারণ সম্পাদক ও জাতীয় দল নিয়ে কাজ করা এক্সিকিউটিভের ওপর।
জাতীয় দলের সঙ্গে থেকে এমনকি জাতীয় দল কমিটির সদস্য হয়েও ইকবাল হোসেন সম্প্রতি সাফ ব্যর্থতার জন্য কোচকে দায়ী করেছেন। দলনেতা হয়েও গতকাল জাতীয় দল কমিটির গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত হননি। থমাস ডুলি অনবরত গণমাধ্যমে সাক্ষাতকারের পাশাপাশি ইকবালের এই মন্তব্যও কোড অব কন্ডাক্ট ভঙের শামিল। দুই বছর যাওয়ার পর বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যানের হুশ হয়েছে জাতীয় দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের কোড অব কন্ডাক্টের বিষয়ে। এজন্য সাধারণ সম্পাদক ও ট্যাকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটুকে একটি রুপরেখা করার নির্দেশনা দেয়া হয়েছে।
আসিয়ান কাপে বাংলাদেশ ৯ গোল হজম করেছে। নাইট ক্লাব ইস্যু নিয়েও বিতর্ক ছিল অনেক। ম্যানেজার, টিম লিডার কি রিপোর্ট দিয়েছেন সেটা জাতীয় দল কমিটির কেউই জানেন না।
সাফ ব্যর্থতার পর কাল সভা হয়েছে সেই সভাতেও এদের কোনো রিপোর্ট নেই। নাইট ক্লাব ইস্যু সভাপতি তদন্ত করবেন বলে যেমন ধামাচাপা পড়েছে, ডুলির বিদায়ের রব উঠা সামাল দিতেই পরবর্তী সভায় ঠেলা হয়েছে এমনটাই ধারণা ফুটবলসংশ্লিষ্টদের।
সাফ শুরুর আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বেশ জোর গলায় বলেছিলেন তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হবে। দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার সর্বোচ্চ ব্যক্তির এত আত্মবিশ্বাসী থাকার পরও সেমিফাইনালে বিদায় বাংলাদেশের। ব্যর্থতার ব্যাখা জানার জন্য মিডিয়া চেষ্টা করেছিল, তখন জাতীয় দল কমিটির সভা পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন সভাপতি। কালকের সভার পর তিনি কমিটির চেয়ারম্যান হিসেবে মিডিয়ার সামনে না এসে মিডিয়া কমিটির চেয়ারম্যানকে পাঠিয়েছেন।
