ইয়ামালকে বিশ্রাম দিলেন ফ্লিক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে ম্যাচে লামিনে ইয়ামালকে পাচ্ছে না বার্সেলোনা। ব্যস্ত সূচির ধকল কাটিয়ে শারীরিকভাবে সতেজ হতে এই তরুণ ফরোয়ার্ডকে স্পেনেই রেখে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ হান্সি ফ্লিক। স্প্যানিশ সংবাদমাধ্যম 'স্পোর্ত' জানিয়েছে, ইয়ামাল ও ক্লাব কর্তৃপক্ষের পারস্পরিক সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে টানা ম্যাচ খেলার কারণে তার ওপর যে শারীরিক চাপ তৈরি হয়েছে, সেটি বিবেচনায় নিয়েছে বার্সেলোনার কোচিং স্টাফ। প্রতি তিন দিন পরপর ম্যাচ খেলতে হওয়ায় পর্যাপ্ত বিশ্রামও পাচ্ছিলেন না তিনি।

আজারবাইজানের সম্ভাব্য কম তাপমাত্রাও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনায় এসেছে। দলের সঙ্গে আজারবাইজান যাওয়ার আগে বার্সেলোনার অনুশীলনকেন্দ্রে আয়োজিত 'হোয়ান গাম্পার' উৎসবে অল্প সময়ের জন্য দেখা গেছে ইয়ামালকে। তবে সেখানে ১০ মিনিটেরও কম সময় অবস্থান করেন তিনি।

আগামী বুধবার বাকুতে সাবাহর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলবে বার্সেলোনা। এই ম্যাচে ইয়ামালকে না

খেলানোর সিদ্ধান্তকে তার প্রতি বিশেষ সতর্কতা হিসেবেই দেখছে ক্লাব।