বার্নাব্যুতে বেলিংহাম এমবাপ্পে ঝড়
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
ফুটবলের মঞ্চে ৪৫ মিনিট কখনো কখনো বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র! সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে সেটিই করে দেখাল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে নিজেদের মাঠেই পিএসভি আইন্দহফেনের কাছে বেশ অস্বস্তিতে থাকা স্প্যানিশ জায়ান্টরা বিরতির পর যেন সম্পূর্ণ নতুন এক দল। জুড বেলিংহামের জাদুকরি গোল আর কিলিয়ান এমবাপ্পের জোড়া আঘাতে শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। শুরুতে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ রিয়ালের হাতে ছিল না। বরং ডাচ ক্লাব পিএসভিই আক্রমণে বেশি ধার দেখাচ্ছিল। ম্যাচের পঞ্চম মিনিটেই তাদের একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরে আরও একটি প্রচেষ্টা পাশের জালে লাগে। রিয়ালের হয়ে ভিনিসিয়ুস জুনিয়রের শট ক্রসবারে আঘাত করলেও প্রথমার্ধে স্বাগতিকদের খেলায় স্বস্তি ছিল না। ৩২ মিনিটে সেই অস্বস্তি আরও বাড়ে। বক্সের মধ্যে অরেলিয়াঁ চুয়ামেনির ফাউলে পেনাল্টি পায় পিএসভি। স্পটকিক থেকে গোল করে ডাচদের এগিয়ে দেন ইভান পেরিসিচ। বিরতিতে ১-০ গোলে পিছিয়ে থাকা রিয়ালকে তখন বেশ নিষ্প্রভ মনে হচ্ছিল। কিন্তু বিরতির পর গল্পের চিত্রনাট্যই পাল্টে যায়। কোচ জোসে মরিনিওর তিনটি পরিবর্তনের পর মাঠে রিয়ালের গতি ও আক্রমণের ধার বাড়ে। বিশেষ করে জুড বেলিংহাম মাঠে নামতেই মাঝমাঠে নতুন প্রাণ ফিরে পায় স্বাগতিকরা। বিরতির পাঁচ মিনিট পরই সমতা ফেরায় রিয়াল। ভিনিসিয়ুসের পাস থেকে আরদা গুলেরের দারুণ ব্যাকহিল এবং সেখান থেকে ফেদেরিকো ভালভের্দের জোরালো শট। ৫০ মিনিটে ১-১। এরপর আর পিএসভিকে স্বস্তিতে থাকতে দেয়নি রিয়াল। ৬০ মিনিটে ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন মুহূর্ত উপহার দেন বেলিংহাম। বল নিয়ন্ত্রণে নিয়ে অসাধারণ দক্ষতায় সেটি জাগল করার পর দুর্দান্ত এক ভলিতে জাল খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার। গোলটি শুধু রিয়ালকে এগিয়েই দেয়নি, ম্যাচের নিয়ন্ত্রণও পুরোপুরি তাদের হাতে তুলে দেয়। এর চার মিনিট পর ব্যবধান বাড়ান এমবাপে। আরদা গুলেরের পাস থেকে ফাঁকায় বল পেয়ে নিখুঁত শটে গোল করেন ফরাসি তারকা। ৬৬ মিনিটে ভিনিসিয়ুসের একটি শট পোস্টে লেগে ফিরে এলেও পিএসভির রক্ষণের ওপর চাপ অব্যাহত রাখে রিয়াল। ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে। ব্রাহিম দিয়াজের থ্রু পাস পেয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান তিনি।
