হতাশার অন্ধকারে বাংলাদেশ ক্রিকেট

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ডারউইনে ঐতিহাসিক জয়ের পর যেন পথ হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের আনন্দটা দীর্ঘস্থায়ী হয়নি! সেই জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে ১০ ম্যাচ খেলেছে বাংলাদেশ পুরুষ দল। কিন্তু জয় নামের সোনার হরিণের দেখা মেলেনি একবারও। আট ম্যাচে হার, দুই ম্যাচে ড্র-পরিসংখ্যানই বলে দিচ্ছে লাল-সবুজের ক্রিকেটের সাম্প্রতিক দুর্দশার গল্প!

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেও সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি বাংলাদেশ। বরং সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে আড়াই দিনেরও কম সময়ে ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ১৮৪ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। দুই ইনিংস মিলিয়ে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার ন্যূনতম সামর্থ্যটুকুও যেন দেখাতে পারেনি বাংলাদেশ।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর থেকেই শুরু হয় এই ছন্দপতন। ম্যাকাইতে পরের টেস্টেই দুই ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল যথাক্রমে ৬৪ ও ৯৫ রান। ইনিংস ও ৫১ রানের পরাজয় দিয়ে সেই সফর শেষ হয়। এরপর এশিয়ান গেমস ক্রিকেটেও হতাশা পিছু ছাড়েনি। বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল না খেলেই সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের দ্বিতীয় সারির দলের কাছেও ৬ উইকেটে হেরে বিদায় নিতে হয় লিটন দাসের দলকে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার তরুণদের বিপক্ষে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০২ রানেই অলআউট হয় বাংলাদেশ।

এশিয়ান গেমসের ব্যর্থতা কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতেও ঘুরে দাঁড়াতে পারেনি দল। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এরপর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেয় বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় দুই ম্যাচেই হারের মুখ দেখতে হয়। জিম্বাবুয়ের কাছে ৯৯ রান এবং আফগানিস্তানের কাছে ৭ উইকেটের পরাজয়ে ফাইনালে ওঠার আগেই শেষ হয় বাংলাদেশের অভিযান।

ঘরের মাঠেও স্বস্তি ফেরেনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্নে বড় ধাক্কা খায় বাংলাদেশ। মিরপুরে ৮ উইকেটের পরাজয়ের পর সিলেট টেস্ট ড্র হলেও সিরিজের ফলাফল বাংলাদেশের পক্ষেই যায়নি। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টে বড় ব্যবধানে হেরে সেই হতাশারই পুনরাবৃত্তি ঘটেছে।

এতসব ব্যর্থতার ভিড়ে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাংলাদেশের প্রাপ্তি খুঁজতে গেলে একজনের নামই সামনে আসে-তাওহীদ হৃদয়। দুই টেস্টের সিরিজে ব্যাট হাতে দলের সবচেয়ে নির্ভরযোগ্য মুখ ছিলেন এই ব্যাটার। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রথম ইনিংসে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে করেন ২৩ রান। সেঞ্চুরিয়নে দুই ইনিংসে তার সংগ্রহ ১৯ ও ৪১ রান। সব মিলিয়ে ২২০ রান করে সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি।

শুধু দক্ষিণ আফ্রিকা সফরেই নয়, টেস্ট ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন হৃদয়। প্রথম পাঁচ টেস্টেই তুলে নিয়েছেন দুটি সেঞ্চুরি। এর আগে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ২৪২ রানের দুর্দান্ত ইনিংস। ফলে দলের সামগ্রিক ব্যর্থতার মধ্যেও হৃদয়ের পারফরম্যান্স কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশ হওয়ার পর সংবাদ সম্মেলনে হৃদয়ের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, আলহামদুলিল্লাহ। চার-পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছে, দারুণ খেলেছে। পাঁচ নম্বরে এমন একজন ব্যাটার থাকলে অবশ্যই দলের জন্য ভালো ব্যাপার। আলহামদুলিল্লাহ দলের জন্য এভাবে পারফর্ম করছে। আশা করব যে সে এভাবে চালিয়ে যাবে। অধিনায়ক হিসেবে স্বস্তির ব্যাপার। হৃদয়কে পাঁচ নম্বর পজিশনে নিয়মিত খেলানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে অবশ্য এখনই কোনো সিদ্ধান্তের কথা জানাননি শান্ত। এ বিষয়ে তিনি বলেন, সামনে আমাদের ঘরের মাঠে সিরিজ আছে। তখন এটা সিদ্ধান্ত নেওয়া হবে। হৃদয় চারেও খেলেছে, পাঁচেও খেলেছে আবার ছয়েও খেলেছে। এটা তখন সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই জয়হীনতার বৃত্ত থেকে বের হওয়ার পথ কোথায়? একের পর এক সিরিজে ব্যাটিং বিপর্যয়, ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারা এবং গুরুত্বপূর্ণ সময়ে ভেঙে পড়ার পুরোনো রোগ যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে!