সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট ও মার্শাল আর্ট পাওয়ার শো আজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

'বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট-২০২৬' এবং জাতীয় মার্শাল আর্ট পাওয়ার শো অনুষ্ঠিত হবে শুক্রবার। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের (বিএমএসিএফ) আয়োজনে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে বিকাল ৩টায় শুরু হবে এই আয়োজন। 'মাদককে না বলুন, মার্শাল আর্টে নিজেকে গড়ুন' স্লোগানে আয়োজিত প্রতিযোগিতাটির নাম রাখা হয়েছে ঢাকা ফাইট নাইট চ্যাম্পিয়নশিপ-২০২৬। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম।

সভাপতিত্ব করবেন কনফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য ইশরাক হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল এবং স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের নির্বাহী পরিচালক ইশফাক হোসেন। আয়োজক কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজ হাসান। প্রতিযোগিতায় পুরুষ এমএমএ'র ১২টি এবং নারী এমএমএ'র দুটি বাউট ছাড়াও মুয়ে থাইয়ের দুটি বাউট, সাভাতে ও ভোভিনাম ফাইট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া থাকবে কিয়োকুশিন-কান ব্রেকিং ও লং স্টিক প্রদর্শনী। বিশেষ প্রদর্শনীতে মো. আব্দুল গফুর আইস ব্রেকিং, মো. জুয়েল লং স্টিক, চেইন স্টিক ও নানচাকু এবং মো. জালাল উদ্দীন আল আমিন ডাবল চেইন স্টিক ও ইট ভাঙার কৌশল দেখাবেন। মার্শাল আর্টের মাধ্যমে তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের লক্ষ্য।