বিদায়ঘণ্টা বাজছে শান্ত লিটনদের কোচের

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

একটি ঐতিহাসিক জয় থেকে শুরু হয়েছিল নতুন আশার গল্প! অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেটে প্রত্যাশার পারদও চড়েছিল বেশ। কিন্তু সেই উচ্ছ্বাস এখন রূপ নিয়েছে হতাশায়। জয় যেন ভুলে গেছে টাইগাররা। একের পর এক ব্যর্থতায় প্রশ্নের মুখে পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্স, আর এবার সেই প্রশ্নের তীর ছুটে যাচ্ছে ড্রেসিংরুমের সর্বোচ্চ আসনেও। ফিল সিমন্স কি তবে হারাচ্ছেন বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব?

ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে টানা ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে বড় ব্যবধানে পরাজয় পরিস্থিতিকে আরও বিব্রতকর করে তুলেছে। মাঠে ক্রিকেটারদের পারফরম্যান্সে যেমন ধারাবাহিকতার অভাব, তেমনি দল পরিচালনা নিয়েও উঠছে নানা প্রশ্ন। আর এই ব্যর্থতার দায় থেকে রেহাই পাচ্ছেন না প্রধান কোচ ফিল সিমন্সও। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সিমন্সের সঙ্গে চুক্তি রয়েছে বিসিবির। শুরুতে ধারণা ছিল, বিশ্বকাপের প্রস্তুতি পর্যন্ত তার ওপরই আস্থা রাখবে বোর্ড। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সেই হিসাব পাল্টে যেতে শুরু করেছে। চুক্তির মেয়াদ থাকলেও দায়িত্বে থাকা নিশ্চিত নয়। এমনকি দক্ষিণ আফ্রিকা সফর শেষেই শেষ হতে পারে বাংলাদেশ অধ্যায়ে তার পথচলা।

সিমন্সের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, ক্রিকেটারদের কাছ থেকে প্রত্যাশিত জবাবদিহিতা আদায় করতে পারছেন না তিনি। মাঠের ব্যর্থতার পরও দলের মধ্যে প্রয়োজনীয় কঠোরতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে না পারার বিষয়টি ভাবাচ্ছে বোর্ডের নীতিনির্ধারকদের। ফলে এখন শুধু ফলাফল নয়, কোচের নেতৃত্বের কার্যকারিতাও পর্যালোচনায় আসছে। বিসিবি সভাপতি তামিম ইকবালের সাম্প্রতিক বক্তব্যেও পরিবর্তনের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনেকে। 'সামনে অনেক কিছুই দেখা যেতে পারে' তার এমন মন্তব্যের পর কোচের ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও সিমন্সকে নিয়ে বোর্ডের পরিকল্পনায় যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, তা আর একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে সিমন্সের বিকল্প খোঁজার কাজও নাকি শুরু হয়েছে পর্দার আড়ালে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে এসেছে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও কোচ জোনাথন ট্রটের নাম। পাকিস্তানের সাবেক এক কোচ এবং শ্রীলঙ্কার কিংবদন্তি সাবেক অধিনায়ককেও ঘিরে চলছে আলোচনা। যদিও কারও সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়টি এখনো নিশ্চিত নয়।

নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে বিসিবির ভাবনাতেও রয়েছে পরিবর্তনের আভাস। শুধু কৌশলগত দক্ষতা নয়, ড্রেসিংরুমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন— এমন একজন কঠোর ব্যক্তিত্বকে খুঁজছে বোর্ড। ক্রিকেটারদের কাছ থেকে সর্বোচ্চটা আদায় করে নেওয়া এবং ব্যর্থতার পর জবাবদিহিতা নিশ্চিত করাই হবে নতুন কোচের অন্যতম প্রধান দায়িত্ব। বিসিবির এক কর্মকর্তার বক্তব্যেও স্পষ্ট, কোচ নিয়োগের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সরাসরি দেখছেন সভাপতি তামিম ইকবাল, 'কোচ ইস্যুতে সবকিছুই সভাপতি দেখছেন। কারণ তার বিশ্বব্যাপী পরিচিতি রয়েছে। সবার সঙ্গে যোগাযোগ ভালো, যে কারণে প্রধান কোচ বা ব্যাটিং কোচ সবকিছুই তিনি দেখছেন। ট্রটের কথা আমিও শুনেছি। বাকিটা সময় বলবে।' তবে নতুন কোচ নিয়োগের সম্ভাবনার সঙ্গে জড়িয়ে আছে বড় একটি প্রশ্ন। বিশ্বকাপের আগে আগে কোচ পরিবর্তন করে বাংলাদেশ কতটা লাভবান হবে? নতুন একজনকে দায়িত্ব দিয়ে তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে তো? আবার বর্তমান কোচের অধীনে দল যদি প্রত্যাশিত উন্নতি না করে, তাহলে পরিবর্তনের সিদ্ধান্ত বিলম্বিত করাও হতে পারে বড় ভুল। এই টানাপোড়েনের মধ্যেই বিসিবির শনিবারের বোর্ড সভাকে ঘিরে বাড়ছে আগ্রহ।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে পরিচালকদের বৈঠকে জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং প্রধান কোচের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আঞ্চলিক ক্রিকেট একাডেমি চালু, ২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের প্রস্তাব, নারী ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও রয়েছে আলোচনায়।