টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের সিরিজ জয়

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ডাগআউটে মিচেল মার্শের চোখেমুখে রাজ্যের হতাশা। তার চেহারায় বিধ্বস্ত হওয়ার ছাপ। কাপ্তানের ঝোড়ো ইনিংসে তো অস্ট্রেলিয়ারই জয়ের বন্দরে নোঙর ফেলার কথা ছিল। ২-২ এ সমতা ফিরিয়ে পঞ্চম ম্যাচকে সিরিজ নির্ধারণী বানানোর খুব কাছে ছিল। কিন্তু এই অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টিতে অভিষিক্ত বোলার হেনরি ক্রোকোম্বে তার ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে স্নায়ুচাপ ধরে রাখলেন। স্কোরলাইন দেখে যতটা মনে হয়, তার চেয়েও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শেষ ওভারে ৭ রানে দলকে জেতালেন তিনি। ঝোড়ো সেঞ্চুরিতে মার্শ ম্যাচসেরার পুরস্কার নিতে গেলেন হারের যন্ত্রণা নিয়ে।

প্রথম চার ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। ইংল্যান্ডকে অল্প রানে থামিয়ে সিরিজে সমতা ফেরানোর সুবাস পাচ্ছিল অস্ট্রেলিয়া। ৯৩ রানে তাদের ৬ উইকেট পড়ে। কিন্তু মিডল থেকে লোয়ার অর্ডার ব্যাটারদের নৈপুণ্যে ১৮১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করল সফরকারীরা। তারপর ছন্দ পড়ে গেলেও ঘুরে দাঁড়িয়ে যখন অজিরা ম্যাচ জেতার দ্বারপ্রান্তে, তখন শেষ ওভারের থ্রিলারে বিজয়ী হলো ইংল্যান্ড। এক ম্যাচ হাতে রেখে ৩-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতল সফরকারীরা। পাওয়ার প্লেতেই ১ উইকেটে ৬৭ রান তোলে অস্ট্রেলিয়া। ১৮২ রানের লক্ষ্য দিয়ে চাপে পড়েছিল ইংল্যান্ড। মার্শ দলের রানের খাতা খোলেন ইনিংসের তৃতীয় বলে ছক্কা মেরে। তারপর টানা দুটি চার। ২৬ বলে ফিফটি পেয়ে যান মার্শ। নবম ওভারে আদিল রশিদকে সিঙ্গেল মেরে পঞ্চাশে পৌঁছান তিনি। তারপর প্রায় প্রতি ওভারেই বাউন্ডারি তুলে নিয়েছেন তিনি। ১৪তম ওভারে দুটি ছয় ও এক চার হাঁকিয়ে রানের গতি বাড়ান। পরের দুটি ওভারে রশিদ ও স্যাম কারান মাত্র ৬ রান দিয়ে ম্যাচের মোমেন্টাম ফেরান। যদিও সেই ক্ষতি পুষিয়ে নিতে ১৭তম ওভারে টানা দুটি চার ও ছয় মারেন মার্শ। পরের ওভারে ৪৯ বলে সেঞ্চুরিও করেন তিনি। ওই ওভারে কারান মাত্র ৩ রান দিয়ে অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেট তুলে নেন। চাপে পড়ে অজিরা। শেষ দুই ওভারে ৩০ রান প্রয়োজন ছিল। কিন্তু উইকেটে তো ছিলেন মার্শ। ওভারটনের বলে ব্যান্টনের হাত ফসকে এডওয়ার্ডস পাওয়ার পর মার্শ তিন বলে দুটি ছয় ও চার মেরে ব্যবধান কমান। ওই ওভারে অজিরা ১৮ রান তুলে শেষ ওভারে ১২ রানের সমীকরণ দাঁড় করায়। ক্রোকোম্বে বল হাতে নেন। প্রথম দুই বলে এডওয়ার্ডস ও মার্শ সিঙ্গেল নেন। তৃতীয় বলে চার মেরেই দিয়েছিলেন এডওয়ার্ডস। কিন্তু স্কয়ার লেগে দারুণ ডাইভে বল থামিয়ে শুধু সিঙ্গেল নিতে দেন কোলস। চতুর্থ বলে ইংলিশ বোলারের বাউন্সারে কিপারের মাথার ওপর দিয়ে শট নেন মার্শ। কিন্তু কক্সের গ্লাভসে ধরা পড়েন তিনি। ৫৭ বলে ৯টি করে চার ও ছয়ে ?১১৯ রানে থামে তার ইনিংস। তাতে যেন অস্ট্রেলিয়ার জয়ের আশাও শেষ হয়ে যায়। পরের বলে নতুন ব্যাটার জোয়েল ডেভিসকে এলবিডব্লিউ করেন ক্রোকোম্বে। শেষ বলের আগেই জয় উল্লাস করে ফেলার মতো অবস্থা ছিল ইংল্যান্ডের। কারণ দরকার ছিল ৯ রান। সিঙ্গেল নেন অ্যাডাম জাম্পা। ৭ উইকেটে ১৭৪ রানে থামে অজিরা। ক্রোকোম্বে ক্যারিয়ার সেরা বোলিং করেন। ৩ ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট নেন ২৫ বছর বয়সী পেসার। শুধু তাকে কৃতিত্ব দিলে কারান ও রশিদকে অবমূল্যায়ন করা হয়। প্রথম দুই ওভারে ২১ রান দেওয়া কারান ডেথ ওভারে মাত্র ৫ রান দেন। রশিদ চার ওভারে দেন মাত্র ১৪ রান। এর আগে ইংল্যান্ড ১৩ ওভার শেষে ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে। তবে কারানের ২৮ বলে ২ চার ও ৪ ছয়ে সাজানো ৫০ রানের অপরাজিত ইনিংসে ১৮১ রান করে তারা। লিয়াম ডওসন ১৪ বলে ২২ রান করেন। এছাড়া জেমি ওভারটন ৯ বলে ৩ ছয়ে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন।