ফরমালিন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

ডা. মহসীন কবির

প্রকাশ : ০৯ মার্চ ২০২১, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ফরমালিন নিয়ে কয়েক বছর ধরেই বাংলাদেশে বেশ হইচই চলছে। এটি মেশানো হচ্ছে নানা খাদ্যদ্রব্যে আর এতে করে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। আজকের আয়োজনে আসুন জেনে নিই ফরমালিনের স্বাস্থ্যঝুঁকিগুলো।

ফরমালিন কী : ফরমালিন

(-CHO-) হলো ফরমালডিহাইডের (CH2O) পলিমার। ফরমালডিহাইড দেখতে সাদা পাউডারের মতো। এটি পানিতে সহজেই মিশে যায়। শতকরা ৩০ থেকে ৪০ ভাগ ফরমালিনের জলীয় দ্রবণকে ফরমালিন হিসেবে ধরা হয়। এ রাসায়নিক পদার্থটি সাধারণত টেক্সটাইল, প্লাস্টিক, রঙ, কনস্ট্রাকশন, পেপার তৈরি ও মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত হয়। ফরমালিনে ফরমালডিহাইড ছাড়াও মিথানল থাকে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি লিভার বা যকৃতে মিথানল এনজাইমের উপস্থিতিতে প্রথমে ফরমালডিহাইড এবং পরে ফরমিক এসিডে পরিবর্তিত হয়। এ দুই পদার্থই শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

ফরমালিনের কারণে স্বাস্থ্যের ক্ষতিকর দিক

* ফরমালিনে অবস্থিত ফরমালডিহাইড চোখের রেটিনাকে আক্রান্ত করে এবং রেটিনার কোষ ধ্বংস করে। এর ফলে মানুষকে অন্ধত্ববরণ করতে হতে পারে।

* ফরমালিন, হাইড্রোজেন পার অক্সাইড, কারবাইডসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের কারণে তাৎক্ষণিকভাবে পেটের ব্যথা, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, বদহজম, ডায়রিয়া, আলসার, চর্মরোগসহ বিভিন্ন রোগ হতে পারে।

* ফরমালিন ধীরে ধীরে দেহের লিভার, কিডনি, হৃৎপি- ও মস্তিষ্কসহ সব কিছুুকেই আক্রান্ত করতে পারে। এটির কারণে লিভার ও কিডনি নষ্ট হয়।

* ফরমালিন মস্তিষ্কের কোষগুলোকে অকেজো করে দেয় এবং এটির কারণে স্মৃতিশক্তি কমে যায়।

* ফরমালিন মানুষের চামড়ায় নানা রোগের সংক্রমণ ঘটায় এবং চামড়ার ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।

* ফরমালিনযুক্ত খাবার খাওয়ার ফলে পাকস্থলী, ফুসফুস ও শ্বাসনালিতে ক্যান্সার হতে পারে।

* ফরমালিন হাড়ের অস্থিমজ্জাকে আক্রান্ত করে, ফলে দেহে রক্ত উৎপাদন কমে গিয়ে রক্তশূন্যতাসহ রক্তের অন্যান্য রোগ দেখা দেয়। শেষ পর্যন্ত ব্লাড ক্যান্সারও হতে পারে।

* মানবদেহে ফরমালিন ফরমালডিহাইড ফরমিক এসিডে রূপান্তরিত হয়ে রক্তের এসিডিটি বাড়িয়ে দেয়। এর ফলে শ্বাস-প্রশ্বাস অস্বাভাবিকভাবে ওঠানামা করে।

* ফরমালিনযুক্ত খাবার গর্ভবতী মায়েদের গর্ভের সন্তানকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এর কারণে সন্তান জন্ম দেয়ার সময় নানা জটিলতা দেখা দেয়। বাচ্চার জন্মগত বিকলাঙ্গতাসহ প্রতিবন্ধী শিশুর জন্ম হতে পারে।

* ফরমালিনসহ যে কোনো রাসায়নিক পদার্থ সব বয়সী মানুষের জন্যই ঝুঁকিপূর্ণ। তবে সবচেয়ে বেশি ঝুঁকি পরিবারের শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে। ফরমালিনযুক্ত দুধ, মাছ, ফলমূল এবং বিষাক্ত খাবার খাওয়ার ফলে শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা হারিয়ে যাচ্ছে ও শিশুদের বুদ্ধিমত্তা দিন দিন কমছে।

বর্তমানে বাংলাদেশে এক আতঙ্কের নাম ফরমালিন। ফল থেকে শুরু করে মাছ, ইদানীং শোনা যাচ্ছে দুধেও ফরমালিন মেশানো হচ্ছে। যে রাসায়নিক পদার্থটি হাসপাতালের মর্গে লাশ পচনরোধে ব্যবহার করা হয়, সেই পদার্থটি আমরা মাছ, ফল কিংবা দুধ সতেজ রাখতে ব্যবহার করছি। বিবেকবর্জিত এ কাজটি যারা করছেন তাদের ছেলেমেয়েসহ নিজেরাও কিন্তু সবার সঙ্গে তাল মিলিয়ে সমান স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। ফরমালিনের ব্যবহার আমাদের দেশে এতটাই ভয়াবহভাবে ছড়িয়ে গেছে, যা অকল্পনীয়। তাই ফরমালিনমুক্ত খাবার পেতে আমাদের প্রয়োজন একটি সামাজিক আন্দোলন। সেই সঙ্গে যে যেখানে আছি, সেখান থেকেই সবাইকে ফরমালিনের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানাতে হবে এবং সচেতন করতে হবে।

ডা. মহসীন কবির

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, লেখক ও গবেষক

ইনচার্জ, ইনস্টিটিউট অব জেরিয়েট্রিক মেডিসিন

বাংলাদেশ প্রবীণহিতৈষী সংঘ, ঢাকা