ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মাওলানা জালাল উদ্দিন রুমি (রহ.)-এর মসনবি শরিফ

ধর্মীয় গোঁড়ামির চরিত্রে টেরাচোখ ছাত্রের আখ্যান

ড. মুহাম্মদ ঈসা শাহেদী
ধর্মীয় গোঁড়ামির চরিত্রে টেরাচোখ ছাত্রের আখ্যান

বূদ শা'হী দার জাহুদা'ন যুল্ম সা'য

দুশমানে ঈসা' ও নাসরা'নী গোদা'য

৩২৪. ইহুদিদের মাঝে এক বাদশাহ ছিল নিষ্ঠুর জালিম

ইসার শত্রু, স্বৈরাচারী, খ্রিস্টান বিদ্বেষী, অত্যাচারী।

ইহুদিরা মনে করে, তারা হজরত মুসা (আ.)-এর উম্মত। হজরত মুসা (আ.)-এর পর আল্লাহতায়ালা হজরত ইসা (আ.)-কে মানুষের হিদায়াতের জন্য দুনিয়াতে পাঠান। হজরত ইসা (আ.) এসে মুসা (আ.)-কেও সত্য নবী বলে ঘোষণা দেন ও প্রচার করেন। মুসা (আ.) নিজেও হজরত ইসা (আ.)-এর আবির্ভাবের সুসংবাদ দিয়েছিলেন। কার্যত উভয়ের মধ্যে কোনো তফাৎ নেই। পয়গাম্বরগণ এক আল্লাহর বাণী তাওহিদের শিক্ষাই প্রচার করেন। আখেরি নবী হজরত মুহাম্মদ মুস্তাফা (সা.)ও ছিলেন তাদের ধারাবাহিকতায় সর্বশেষ নবী। তিনিও হজরত মুসা ও ইসা (আ.)-এর সত্যতার কথা ঘোষণা করেন। তারা দুজনও শেষ জামানায় প্রিয়নবী (সা.)-এর আগমনের সুসংবাদ দিয়েছিলেন। (সুরা আলে ইমরান, আয়াত : ৮৪)

কিন্তু ধর্মান্ধ বিদ্বেষী ইহুদিরা হজরত মুসা ও ইসা (আ.)-এর একাত্মতা ও একত্ববাদের শিক্ষাকে অস্বীকার করে। প্রেমের পরিবর্তে তারা বিদ্বেষ প্রচার করে। হজরত ইসাকে শত্রু গণ্য করে তাদের এক রাজা হজরত ইসা (আ.)-এর অনুসারী নাসারা বা খ্রিষ্টানদের হত্যা করতে থাকে। তখনকার বর্ণনা দিয়ে মাওলানা রুমি (রহ.) বলেন—

আহ্দে ঈসা' বূদ ও নওবাত আ'নে উ

জা'নে মূসা উ ও মূসা', জা'নে উ

৩২৫. যুগ ছিল ইসার, পালাও ছিল তার, তবে

তিনি ছিলেন মুসার প্রাণ আর মুসা তার প্রাণ।

শা'হ্ আহ্ওয়াল কার্দ দার রা'হে খোদা'

অ'ন দো দামসা'যে খোদা'য়ী রা' জুদা'

৩২৬. টেরাচোখ বাদশাহ আল্লাহর রাস্তায় নিবেদিত—

আল্লাহর এই দুই বন্ধুকে বিচ্ছিন্ন করেছিল।

যাদের চোখটেরা তারা একটি জিনিসকে দুটি বলে মনে করে। ইহুদি বাদশাহও বিদ্বেষ-দুষ্টতার কারণে টেরাচোখ বনে গিয়েছিল। ফলে আল্লাহ্র পথে নিবেদিত দু'জন নবীকে পরস্পর থেকে বিচ্ছিন্ন হিসেবে দেখেছিল; যদিও তারা এক ও অভিন্ন পথের দিশারী ছিলেন। আসলে টেরাচোখ লোকদের স্বভাব এটাই। টেরাচোখের দৃষ্টান্ত দিতে গিয়ে মাওলানা বলেন—

গোফ্ত্ উস্তা'দ আহওলী রা' কান্দার আ'

রও, বুরূন আ'র আয বেসা'ক্ব আ'ন শীশে রা'

৩২৭. উস্তাদ বলল টেরা চোখ ছাত্রকে, ভেতেও যাও,

কামরার মাঝখান থেকে বোতলটি এনে দাও।

গোফ্ত্ আহওয়াল যা'ন দো শীশে মন কোদা'ম

পীশে তো আ'রম বকুন শারহে তামা'ম

৩২৮. টেরাচোখ বলল, দুই বোতলের মধ্যে কোনটি

আপনার কাছে আনব হুযুর, খুলে বলুন সেটি।

গোফ্ত্ উস্তা'দ অ'ন দো শীশে নীস্ত, রো

আহ্ওয়ালী বোগযা'র ও আফযুন বীন মাশো

৩২৯. উস্তাদ বলে, বোতল দু'টি নয়, যাও গিয়ে দেখ

তোমার টেরাপনা অতিরিক্ত দেখার অভ্যাস ছাড়।

গোফত্ এই উস্তা' মারা' তা-নে মাযান্

গোফ্ত্ উস্তা' যা'ন দো য়্যক রা' দার শেকান

৩৩০. বলল, উস্তাদজি আমাকে নিয়ে ঠাট্টা করবেন না ফাও।'

উস্তাদ বলেন, তাহলে দু'টোর একটা তুমি ভেঙে দাও।

শাগরেদ বলে, হুজুর দয়া করে, আমাকে হাসি ঠাট্টার পাত্র বানাবেন না। এখানে বোতল একটি নয়, দুইটি। উস্তাদ বিরক্ত হয়ে বললেন, তাহলে একটা বোতল ভেঙে ফেলে দাও।

বাকিটা নিয়ে এসো আমার কাছে।

শীশে য়্যক বূদ ও বে চাশ্মাশ্ দো নামূদ

চোন শেকাস্ত উ শীশেরা' দীগার নাবূদ

৩৩১. বোতল একটিই ছিল, তার চোখে দুই দেখাচ্ছিল,

যখন ওটা ভাঙল, দ্বিতীয়টাও অদৃশ্য হল।

চোন য়্যকী বেশকাস্ত, হার দো শূদ যে চাশ্ম্

মর্দ আহওয়াল গার্দাদ আয্ মায়লা'ন ও খাশ্ম্

৩৩২. একটি যখন ভাঙল তখন দু'টিই দৃষ্টির আড়াল হল

আসক্তি ও শত্রুতায় যে কেউ টেরাচোখ হয়ে যায়।

খাশ্ম্ ও শাহওয়াত মর্দ রা' আহওয়াল কুনাদ

যেস্তেক্বা'মাত রূহ রা' মুবদাল কুনাদ

৩৩৩. ক্রোধ ও কামনা মানুষকে টেরাচোখ বানায়,

অবিচলতার পরিবর্তে অন্তরকে বিপথে চালায়।

ক্রোধ ও প্রবৃত্তির কামনা বা কাম-ক্রোধ মানুষের মধ্যে গোঁয়ার্তুমী সৃষ্টি করে। এর ফলে মনকে তার সরল সঠিক ভারসাম্যপূর্ণ অবস্থা থেকে দূরে সরিয়ে দেয়। আরও পরিষ্কার কথায়, যে ব্যক্তি কাম ও ক্রোধে আক্রান্ত হয়, তার বাতেনি চক্ষু আক্রান্ত হয়। তখন বাস্তবতাকে তার স্বরূপে দেখতে পায় না। ফলে বাজে ও অমূলক চিন্তা তার মাথায় ভর করে।

চোন গারয্ অ'মাদ হুনর পূশিদা শুদ

সাদ হেজা'ব আয্ দেল বেসূয়ে দীদা শুদ

৩৩৪. মতলব যখন সামনে আসে শিল্পগুণ লুকিয়ে যায়

দিলের ভেতরের শত পর্দা এসে চোখের সামনে আড়াল হয়।

মানুষ যখনই কোনো মতলব হাসিলের পেছনে পড়ে, তখন শিল্প সৌন্দর্য দেখার সৌভাগ্য হারিয়ে ফেলে। নিজের মনের সৌন্দর্যও লুপ্ত হয়ে যায়। কারণ, তার অন্তর থেকে শত পর্দা এসে তার বাইরের চোখের সামনে আড়াল হয়ে দাঁড়ায়। তখন গুণী লোকদের গুণাবলি দেখার সুযোগ হয় না। কাম-ক্রোধ হচ্ছে সেই পর্দা। আরেক পর্দা হচ্ছে লোভ। মানুষ যখন লোভে আক্রান্ত হয় তখন ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বাছ-বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। যেমন—

চোন দাহাদ ক্বা'যী বেদেল রেশওয়াত ক্বারা'র

কেই শেনা'সা'দ যা'লেম আয্ মাযলূমে যা'র

৩৩৫. বিচারক যখন মনে স্থান দেয় ঘুষ অবিচার

কে জালিম, কে নিরীহ মজলূম তখন চিনে না আর।

মানুষের মন যখন আত্মপূজা আত্মগরিমা দ্বারা আক্রান্ত হয় আর পক্ষপাতিত্বের দূরারোগ্য ব্যাধিতে পেয়ে বসে তখন ঘুষখোর বিচারকের মতো মনও ন্যায়-অন্যায়ের ফারাক ভুলে যায়।

শা'হ্ আয্ হেক্বদে জহুদা'নে চুনা'ন

গাশ্ত্ আহওয়াল, কাল্ আমা'ন ইয়া রাব আমা'ন

৩৩৬. বাদশাহ, ইহুদীসুলভ চরম বিদ্বেষে এমন টেরাচোখ হল

এমন অবস্থায় পানাহ চাই, আল্লাহ! তুমিই রক্ষা কর।

সাদ হেযা'রা'ন মু'মেনে মযলুম কুশ্ত

কে পানা'হাম দীনে মূসা রা' ও পোশ্ত্

৩৩৭. লাখ লাখ মজলুম মু'মিনকে হত্যা করল সে

'মূসার ধর্মের রক্ষক ও পৃষ্ঠপোষক আমি' বলে।

ইসা (আ)-এর সত্যিকার অনুসারীরা তখন মুমিন বা বিশ্বাসী ছিল, অথচ ইহুদি বাদশাহ নিজকে মুসা (আ.)-এর ধর্মের রক্ষক দাবি করে লাখ লাখ মুমিনকে হত্যা করল।

(ড. মুহাম্মদ ঈসা শাহেদী রচিত মসনবি শরিফের গল্প ১-৬ খণ্ড প্রকাশ করেছে, ছায়াপথ প্রকাশনী ৩১/১, পুরানা পল্টন, (শরীফ কমপ্লেক্স) লিফট-৪, ঢাকা-১০০০। ফোন ০১৭১১১১৫৮২৯। মসনবির গল্পভিত্তিক আলোচনা শুনতে ইউটিউবে ভিজিট করুন— CHAYAPATH PROKASHONI)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত