যে কারণে বিপিএল থেকে সরে দাঁড়ালেন আবরার আহমেদ
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ | অনলাইন সংস্করণ

নানা নাটকীয়তা ও বিতর্কের মধ্য দিয়ে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। টুর্নামেন্ট শুরুর আগের দিন চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বদলে বিসিবির অধীনে নেওয়া হয়েছে।
শুরু থেকেই নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলোচনায় থাকা ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে এবার যুক্ত হলো পাকিস্তানি স্পিনার আবরার আহমেদের নাম প্রত্যাহারের বিষয়টি।
নিলামের আগে চট্টগ্রাম রয়্যালস সরাসরি চুক্তিতে দেশীয় দুই তারকা শেখ মেহেদী ও তানভীর ইসলামের সঙ্গে পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদকে দলে ভেড়ায়। তবে টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে আবরারসহ চট্টগ্রামের তিন বিদেশি ক্রিকেটার বিপিএল থেকে সরে দাঁড়ান। বাকি দু’জন হলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা।
প্রথমদিকে ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবে আবরারকে বিপিএলে খেলতে চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পরে জানা যায় ভিন্ন তথ্য।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, চট্টগ্রাম রয়্যালস আবরারকে বিপিএলে খেলানোর বিষয়টি জানালেও নিলামে নাম অন্তর্ভুক্ত করার আগে তার অনুমোদন নেয়নি। আবরার নিজেও জানিয়েছেন, তিনি বিপিএলে খেলার ব্যাপারে সম্মতি দেননি।
পরবর্তীতে রয়্যালস কর্তৃপক্ষ আবরারকে অন্য কোনো বিদেশি ক্রিকেটারের মাধ্যমে রিপ্লেস করার প্রক্রিয়া শুরু করে এবং বিষয়টি বিসিবিকে জানায়। এর মধ্যেই বৃহস্পতিবার সকালে বিসিবিকে পাঠানো এক চিঠিতে চট্টগ্রাম রয়্যালস আর্থিক সংকটের কারণ দেখিয়ে মালিকানা বুঝে নেওয়ার আহ্বান জানায়। পরে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নিজেদের অধীনে নেয়।
এ অবস্থায় চট্টগ্রাম দলের দেখভাল এখন থেকে বিসিবিই করবে। পাশাপাশি স্কোয়াডে নতুন বিদেশি ক্রিকেটার ভেড়ানোর প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এবারের বিপিএলে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের খেলার কথা রয়েছে। সরাসরি চুক্তিতে দল পেয়েছেন সাইম আইয়ুব, মোহাম্মদ আমির, উসমান খান, খাজা নাফে, সুফিয়ান মুকিম, শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নেওয়াজ।
এ ছাড়া নিলামে দল পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, তরুণ পেসার ইহসানউল্লাহ, ব্যাটার কামরান গুলাম, অলরাউন্ডার জাহানদাদ খান, হুসাইন তালাত, হায়দার আলি ও মাজ সাদাকাত।
