মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

নিরাপত্তা শঙ্কায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নতুন নির্দেশনা এখন থেকেই কার্যকর করা হবে। যেখানে নিরাপত্তা শঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

গণমাধ্যমকর্মীদের ১ নম্বর গেইট দিয়ে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স (সংবাদ সম্মেলন), বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণমূলক অনুষ্ঠান, বিসিবির আগে থেকে জানানো কোনো ট্রেনিং সেশন বা প্র্যাকটিস সেশন- কেবল এসব কাভার করতেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা।

স্টেডিয়াম ও বিসিবির অফিসে নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে সবার সহযোগিতাও চাওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। এখন থেকে গণমাধ্যমকর্মীরা চাইলেই আর স্টেডিয়ামে ঢুকে কাজ করতে পারবেন না। বিসিবির নির্দেশনা মেনেই সবকিছু করতে হবে।

 

আবা/এসআর/২৫