বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলো পাকিস্তান

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৫ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। তবে গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক ঘোষণায় বিষয়টি জানানো হয়।

ঘোষণায় বলা হয়, “পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ২০২৬–এ অংশগ্রহণের অনুমোদন প্রদান করছে। তবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।”

পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষিত এই সিদ্ধান্ত এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার পর। নিরাপত্তা উদ্বেগজনিত কারণে বিসিবি ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়ে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন জানালেও আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান করে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

এর আগে বিশ্বকাপের অফিশিয়াল জার্সি বা কিট উন্মোচনের পূর্বনির্ধারিত অনুষ্ঠানটি শেষ মুহূর্তে বাতিল করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নির্ধারিত সময়ে জার্সি উন্মোচন না হওয়ায় ক্রিকেট মহলে গুঞ্জন আরও জোরালো হয়েছিল, হয়ত পাকিস্তান বিশ্বকাপে অংশ নিচ্ছে না।

পিসিবি প্রধান মহসিন নাকভি এর আগে জানিয়েছিলেন যে, শুক্রবার (৩০ জানুয়ারি) অথবা আগামী সোমবারের (২ ফেব্রুয়ারি) মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এ বিষয়ে গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছিলেন পিসিবি প্রধান।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ২০ দলের এই মেগা টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে পাকিস্তান পুনর্বিবেচনা শুরু করে, যখন আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি।

 

আবা/এসআর/২৫