সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ
ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫০ | অনলাইন সংস্করণ
ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। নেপালের পোখারায় চলমান সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপেও তার ব্যতিক্রম হয়নি। শক্তিশালী ভারতকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
ম্যাচের দুই গোলই আসে প্রথমার্ধে। ২৯ মিনিটে ফ্রি কিক থেকে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। বলের ফ্লাইট বুঝতে ব্যর্থ হন ভারতের গোলরক্ষক। তার হাতে লেগে পোস্টের সামনে পড়ে যাওয়া বল থেকে সুযোগ কাজে লাগান অধিনায়ক অর্পিতা বিশ্বাস।
এর দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। দ্রুতগতির কাউন্টার আক্রমণ থেকে ডান প্রান্ত দিয়ে ওঠা ক্রসে দুই ভারতীয় ডিফেন্ডারের মাঝখান দিয়ে দক্ষ শটে বল জালে পাঠান ফরোয়ার্ড আলপি আক্তার।
বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। একাধিক সুযোগ তৈরি হলেও গোলের সংখ্যা আর বাড়াতে পারেনি। ভারতও ম্যাচে ফেরার চেষ্টা চালালেও বাংলাদেশের শক্তিশালী রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা।
দুটি ম্যাচ শেষে ৬ পয়েন্ট ও ১৪ গোল ব্যবধান নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে নেপালকে হারানো ভারত ৩ পয়েন্ট ও ১ গোল ব্যবধান নিয়ে দ্বিতীয় স্থানে আছে। নেপাল ও ভুটান এখনো কোনো পয়েন্ট পায়নি।
আজ নেপাল ও ভুটানের ম্যাচ ড্র হলে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ। তবে নেপাল জয় পেলে এবং শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলে তাদেরও হবে ৬ পয়েন্ট। পাশাপাশি ভারত ভুটানকে হারালে তিন দলের পয়েন্ট সমান হয়ে যাবে। সেক্ষেত্রে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী দুই ফাইনালিস্ট নির্ধারণ করা হবে।
