ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট, পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ | অনলাইন সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ম্যাচটি ভারতের মাটিতে নয়, শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এমন সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমে।

ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ বিষয়ে বাংলাদেশকে শুরু থেকেই সমর্থন জানিয়ে এলেও এতদিন ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের কারণ প্রকাশ্যে জানায়নি পাকিস্তান। অবশেষে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্পষ্ট করে জানান, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদ এবং বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানের অবস্থান স্পষ্ট হওয়ায় দেশটির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান।' তিনি উল্লেখ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

ক্রীড়া উপদেষ্টা আরও উল্লেখ করেন, বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’

উল্লেখ্য, পাকিস্তান–ভারত ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ম্যাচটি না খেলার কথা জানালে বিষয়টি নিয়ে আইসিসি'র পক্ষ থেকেও সতর্কতা দেওয়া হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে পাকিস্তানকে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হতে পারে।