৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে ফিরলেন মোস্তাফিজ
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০২ | অনলাইন সংস্করণ
ক্রীড়া ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চড়া মূল্যে দল পেলেও শেষ পর্যন্ত মাঠে নামা হচ্ছে না বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। আইপিএলে খেলা না হলেও এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন এই তারকা পেসার।
পিএসএলের একাদশ মৌসুম সামনে রেখে মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই চুক্তির ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
লাহোর কালান্দার্স জানিয়েছে, মোস্তাফিজকে তারা ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা।
এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। পুরোনো ঠিকানায় ফেরাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দলটি। লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা এই চুক্তিকে কৌশলগত ও আবেগঘন সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘একবার কালান্দার্স হলে, চিরকাল কালান্দার্স। মোস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের পরিবারের একজন সদস্য। তাকে আবার ড্রেসিংরুমে ফিরিয়ে আনতে পেরে আমরা দারুণ আনন্দিত। তার অভিজ্ঞতা ও দক্ষতা পিএসএল ১১-তে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় ভূমিকা রাখবে।’
মোস্তাফিজকে দলে ভেড়ানোয় লাহোর কালান্দার্সের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হয়েছে। এর আগে ফ্র্যাঞ্চাইজিটি তাদের মূল খেলোয়াড়দের মধ্যে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং তরুণ প্রতিভা মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে।
উল্লেখ্য, গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ খেললেও আসন্ন পিএসএল মৌসুমের জন্য এই তিনজনের কাউকেই রিটেইন করেনি ফ্র্যাঞ্চাইজিটি।
