নাটকীয়তার অবসান, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

সব জল্পনা-কল্পনা ও নাটকীয়তার শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের কঠোর অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের মতো বন্ধু রাষ্ট্রগুলোর অনুরোধের পর ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে জাতীয় দলকে সবুজ সংকেত দিয়েছে পাকিস্তান সরকার।
জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, পূর্বনির্ধারিত সূচি মেনে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতেই অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত এই মহারণ।
রোববার (৮ ফেব্রুয়ারি) লাহোরে আইসিসি, বিসিবি ও পিসিবির উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের পর সংকট সমাধানের একটি ইতিবাচক পথ তৈরি হয়। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ওই বৈঠকের ফলাফল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অবহিত করেন। পরে পরিস্থিতি বিবেচনা করে এরপরই প্রধানমন্ত্রী ম্যাচটি খেলার চূড়ান্ত অনুমোদন দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তান সরকারের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক অনুরোধ এবং শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য সদস্য দেশের যোগাযোগ পর্যালোচনা করে পাকিস্তান সরকার জাতীয় দলকে ম্যাচটি খেলার নির্দেশ দিয়েছে।’
পাকিস্তানের এই বরফ গলার পেছনে বড় ভূমিকা রেখেছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকের একটি বিশেষ ফোনকল। তিনি সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ফোন করে কলম্বোয় ম্যাচটি খেলার অনুরোধ জানান। এ সময় তিনি স্মরণ করিয়ে দেন, শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদের কঠিন সময়ে পাকিস্তান তাদের ক্রিকেটের পাশে দাঁড়িয়েছিল। সেই দীর্ঘদিনের সম্পর্কের প্রতি সম্মান জানিয়েই তিনি পাকিস্তানকে মাঠে নামার আহ্বান জানান।
জবাবে শেহবাজ শরিফও লঙ্কান প্রেসিডেন্টের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, পাকিস্তানের কঠিন সময়ে শ্রীলঙ্কাও পূর্ণ সমর্থন দিয়ে দেশটিতে ক্রিকেট চালু রাখতে সাহায্য করেছিল।
উল্লেখ্য, এর আগে লাহোরে আইসিসি, বিসিবি ও পিসিবির উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকে আইসিসিকে তিনটি শর্ত দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশেষে সেই শর্ত মেনে নিয়েছে তারা। যার পরিপ্রেক্ষিতে আইসিসি ঘোষণা দিয়েছে, ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কোনো শাস্তি দেওয়া হবে না।
আবা/এসআর/২৫
