
ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কার ঝোড়ো সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দেওয়া নির্ধারিত লক্ষ্য ২ ওভার আর ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কুশল পেরেরাকে (১) হারিয়ে কিছুটা চাপে পড়েছিল স্বাগতিকরা। তবে সেই চাপকে তুড়ি মেরে উড়িয়ে দেন ওপেনার পাথুম নিশাঙ্কা। কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে অজি বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান তিনি। মেন্ডিস ৫১ (৩৮ বলে) রান করে ফিরলেও নিশাঙ্কা মাঠ ছাড়েন জয় নিশ্চিত করে। মাত্র ৫২ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় সাজানো ১০০ রানের এক অপরাজিত ইনিংস খেলেন তিনি। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। শেষদিকে পবন রথনায়েকে ১৫ বলে ২৮ রান করে জয় ত্বরান্বিত করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছিল অস্ট্রেলিয়া। দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড মাত্র ৫১ বলে ১০৪ রান তুলে দুইশ ছাড়ানো সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিলেন। হেড ২৯ বলে ৫৬ এবং অধিনায়ক মার্শ ২৭ বলে ৫৪ রান করে সাজঘরে ফিরলে পথ হারায় অজিরা। শেষ ৫ ওভারে লঙ্কান বোলারদের তোপে মাত্র ৩০ রান তুলতে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ফলে ২০ ওভারে ১৮১ রানেই অলআউট হয়ে যায় তারা। টানা দুই হারে বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে সাবেক চ্যাম্পিয়নরা।
আবা/এসআর/২৫