২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেলো বাংলাদেশ

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৩ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

নিরাপত্তা ইস্যুতে ভারতে চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। তবে মাঠের বাইরে থাকলেও সুখবর পেল টাইগাররা। র‍্যাঙ্কিংয়ের সুবিধায় ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৮ বিশ্বকাপের আয়োজক দেশ এবং চলমান ২০২৬ আসরের সুপার এইটে ওঠা দলগুলো সরাসরি পরবর্তী বিশ্বকাপে জায়গা করে নেবে। ২০২৮ আসরে মোট ২০টি দল অংশ নেবে। এর মধ্যে ১২টি দল সরাসরি এবং বাকি ৮টি দল আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে আসবে।

যেহেতু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আয়োজক, তাই তারা স্বয়ংক্রিয়ভাবেই কোয়ালিফাই করেছে। সুপার এইটের ৮টি দল এবং আয়োজক দুই দেশ মিলে মোট ১০টি স্থান পূরণ হওয়ার কথা। তবে নিউজিল্যান্ড সুপার এইটে থাকায় এবং অস্ট্রেলিয়া আয়োজক হওয়ায় বাকি থাকা ৩টি স্থান পূরণ করা হবে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

আগামী ৯ মার্চ ২০২৬ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। এর পরের দিন (১০ মার্চ) টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে শীর্ষ তিনটি দল সরাসরি ২০২৮ বিশ্বকাপে জায়গা পাবে। বর্তমানে র‍্যাঙ্কিংয়ে সুবিধাজনক অবস্থানে থাকায় বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড এই তিনটি স্থান পূরণ করবে। নির্ধারিত তারিখের আগে দলগুলোর এমন কোনো আন্তর্জাতিক সূচি নেই যা তাদের র‍্যাঙ্কিংয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে বাছাইপর্বের ঝামেলা ছাড়াই পরবর্তী বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে দেখা যাবে।

 

আবা/এসআর/২৫