ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন আল-নাসরের ব্রাজিলীয় নারী ফুটবলার

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৬ | অনলাইন সংস্করণ

সৌদি আরবের ক্লাব আল-নাসর-এর নারী ফুটবল দলের অধিনায়ক ও ব্রাজিলীয় তারকা ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি তিনি পবিত্র মক্কায় ওমরাহ পালনও সম্পন্ন করেন।

ক্যাথলিনের ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করে একটি ভিডিও প্রকাশ করেছে আল-নাসর ক্লাব।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভিডিওটি শেয়ার করে ক্লাব কর্তৃপক্ষ জানায়, ক্যাথলিন সৌজার ইসলাম ধর্ম গ্রহণের বিশেষ মুহূর্তটি তারা সবার সঙ্গে তুলে ধরেছে এবং তার জীবনে শান্তি ও প্রশান্তি কামনা করেছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইসলাম গ্রহণের ঘোষণা দেওয়ার সময় আবেগে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি ২৯ বছর বয়সি এই ফুটবলার। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, তিনি কেবল সঠিক পথটি খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন এবং নিজের ভেতরের একজন ভালো মানুষকে বের করে আনাই ছিল তার লক্ষ্য।

নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ওমরাহ পালনের ছবি শেয়ার করেছেন ক্যাথলিন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ছোট ছোট পদক্ষেপ, সঠিক পথ খুঁজে পাওয়া এবং পরিবর্তনের চেষ্টা—জীবনের এই শ্রেষ্ঠ উপহারের জন্য তিনি কৃতজ্ঞ।

ব্যক্তিগত জীবনের এই বড় পরিবর্তনের পাশাপাশি মাঠের পারফরম্যান্সেও দারুণ সময় পার করছেন এই ব্রাজিলীয় মিডফিল্ডার। গত মাসেই তিনি সৌদি নারী লিগের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বা মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

শৈশবে ব্রাজিলের সান্তোস এফসি-তে ফুটবল ক্যারিয়ার শুরু করেন ক্যাথলিন। ক্লাবটির যুব দলের হয়ে খেলার পর তিনি ইতালির বিখ্যাত ক্লাব ইন্টার মিলান-এ সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলেন। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে ইউনিভার্সিটি অব লুইসভিল এবং ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডায় পড়াশোনা করেন। ২০২৪ সালের আগস্টে তিনি সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেন।