
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচেই হানা দিলো বৃষ্টি। এতে করে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। টস অনুষ্ঠিত হলেও এক বলও মাঠে গড়ায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। টসের সময় আকাশে মেঘ জমলেও বৃষ্টির মাত্রা তখন খুব বেশি ছিল না। তবে সিদ্ধান্ত জানানোর কিছুক্ষণ পরই বৃষ্টি জোরদার হয়। টস পর্ব শেষ হতেই শুরু হয় বৃষ্টি। মাত্রা বেড়ে যাওয়ায় দ্রুতই পুরো মাঠ কভারে ঢেকে দেন মাঠকর্মীরা।
বৃষ্টি না থামায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিট থেকে ওভার কাটা শুরু হওয়ার কথা ছিল। অন্তত ৫ ওভারের ম্যাচ আয়োজন করতে হলে রাত ১০টা ৪৬ মিনিটের মধ্যে খেলা শুরু করার বাধ্যবাধকতা ছিল। কিন্তু আবহাওয়ার কোনো উন্নতি না হওয়ায় অতক্ষণ অপেক্ষা করেননি ম্যাচ অফিশিয়ালরা। বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা এবং নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারকে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। সুপার এইটে দুই দলের সামনেই এখন কঠিন সমীকরণ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে নিজেদের বাকি ম্যাচগুলোতে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়তে হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড উভয় দলকেই।
আবা/এসআর/২৫