অনলাইন সংস্করণ
১৯:৩১, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। রোববার (২২ ফেব্রুয়ারি) তার নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণে তিনি আর চুক্তি নবায়নে আগ্রহী নন বলে বিসিবিকে আগেই জানিয়ে দেন। এর পর থেকেই নতুন প্রধান নির্বাচক খোঁজার প্রক্রিয়া শুরু করে বোর্ড।
শেষ পর্যন্ত সেই পদে দায়িত্ব দেওয়া হলো সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে। এর আগে তিনি ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে দীর্ঘদিনের অভিজ্ঞতা বিবেচনায় আবারও তাকে নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনল বোর্ড। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্বেও রয়েছেন।