দাপুটে জয়ে সেমির দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৫ | অনলাইন সংস্করণ

লক্ষ্য ছিল ১৭৭ রান, সহজ কিছু নয়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে একপ্রকার উড়িয়ে দিয়েই সেই লক্ষ্য টপকে গেছে দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ৯ উইকেট হাতে রেখে এবং ২৩ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।

টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালের দরজায় কড়া নাড়ছে এইডেন মার্করামের দল। প্রথম ম্যাচে জয়ের পর এবার বড় ব্যবধানে হারলেও এই গ্রুপে দ্বিতীয় স্থানেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

রান তাড়ায় শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে মার্করাম ও কুইন্টন ডি কক ৪৮ বলে ৯৫ রান তুলে শক্ত ভিত গড়ে দেন। হাফসেঞ্চুরির কাছাকাছি গিয়ে ডি কক থামেন। ২৪ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় করেন ৪৭ রান।

এরপর রায়ান রিকেলটনকে সঙ্গে নিয়ে মার্করাম আরও বড় জুটি গড়ে তোলেন। ৫০ বলে ৮২ রানের এই জুটিতে কার্যত ম্যাচ বের করে নিয়ে আসে প্রোটিয়ারা। রিকেলটন ২৮ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। ৪২ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন মার্করাম।

এর আগে, ব্যাট করতে নেমে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে দল যখন বিপর্যস্ত, তখন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডের জুটিতে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭৬ রান তোলে তারা।

আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে শাই হোপ ও ব্রেন্ডন কিং ভালো শুরু করেন। তবে হোপ ৬ বলে ১৬ রান করে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। কিং করেন ১১ বলে ২১ রান।

মাঝে সিমরন হেটমায়ার ২, রভম্যান পাওয়েল ৯ ও রস্টন চেজ ২ রানে ফিরে গেলে স্কোর দাঁড়ায় ৮৩ রানে ৭ উইকেট। সেখান থেকে হোল্ডার ও শেফার্ড ৫৭ বলে ৮৯ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। শেষ ওভারে আউট হয়ে যান হোল্ডার, মাত্র ১ রানের জন্য ফিফটি মিস করেন তিনি। ৩১ বলে ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় তার রান ছিল ৪৯।

ইনিংসের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূরণ করেন রোমারিও শেফার্ড। ৩৭ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৫২ রানে।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন লুঙ্গি এনগিদি। এছাড়া কাগিসো রাবাদা ও করবিন বসচ নেন ২টি করে উইকেট।