সেমিতে পৌঁছে গেলো দক্ষিণ আফ্রিকা

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ২৩:১৮ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর সুপার এইট পর্ব অপরাজিত থেকেই শেষ করল দক্ষিণ আফ্রিকা। রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে লড়াকু জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। প্রথম ওভারেই সিকান্দার রাজার দ্বিতীয় বলে শূন্য রানে আউট হন ওপেনার কুইন্টন ডি কক।

কিছুক্ষণ পর আবারও আঘাত হানেন রাজা। মাত্র ৫ বলে ৪ রান করে ফিরে যান অধিনায়ক এইডেন মার্করাম। ২.৫ ওভারে ১৪ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর ইনিংস সামলানোর চেষ্টা করেন রায়ান রিকেলটন ও ডিওয়াল্ড ব্রেভিস। দুজন মিলে ভালো একটি জুটি গড়েন, যেখানে বেশি রান আসে রিকেলটনের ব্যাট থেকে।

তাদের ২৯ রানের জুটি ভাঙেন ব্র্যাড ইভানস। ২২ বলে চারটি ছক্কায় ৩১ রান করে আউট হন রিকেলটন। তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ৫.৫ ওভারে ৩ উইকেটে ৪৩। এরপর ব্রেভিস এবং ডেভিড মিলারের জুটিতে ৫০ পার করে দক্ষিণ আফ্রিকা। তবে ইনিংসের ১০ম ওভারের শেষ বলে মিলারকে ফেরান মুজারাবানি। 

এরপর আবারও আঘাত করেন সিকান্দার রাজা। ১৮ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলা ব্রেভিসকে ফিরিয়ে দেন তিনি। ১০.৪ ওভারে ১০১ রানে ৫ উইকেট হারিয়ে তখন চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে ট্রিস্টান স্টাবস ও জর্জ লিন্ডে ধীরে ধীরে দলকে জয়ের পথে এগিয়ে নেন। শেষ পর্যন্ত ১৮তম ওভারেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। স্টাবস ২৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন, আর লিন্ডে ২১ বলে দুটি চার ও একটি ছক্কায় করেন ৩০ রান।

এর আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান তোলে জিম্বাবুয়ে।

 

আবা/এসআর/২৫