অনলাইন সংস্করণ
২০:৪৪, ০৫ মার্চ, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে ফিরেছেন ব্যাটার আফিফ হোসেন এবং উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। তাদের অন্তর্ভুক্তির ফলে দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান ও জাকের আলী অনিক এবং অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজের দল প্রকাশ করা হয়।
গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের পর ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন লিটন কুমার দাস। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ৫০ ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ছন্দে ছিলেন না। ঘরোয়া ক্রিকেটেও বড় রান খুব বেশি পাওয়া যায়নি তার ব্যাট থেকে।
সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগের তিন ম্যাচে তিনি করেন যথাক্রমে ১০, ৫৫ ও ০ রান।
অন্যদিকে ২০২৪ সালের ডিসেম্বরের পর আর আন্তর্জাতিক ওয়ানডে খেলেননি আফিফ হোসেন। মাঝের সময়ে ১৪টি লিস্ট ‘এ’ ম্যাচে ৩৭.১৬ গড়ে তিনি করেন ৪৪৬ রান। সবশেষ বাংলাদেশ ক্রিকেট লিগে তিনি ৮৬ বলে ১০০ রানের ইনিংস খেলেন। গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগে এক ইনিংসে ৯৮ রান করেছিলেন তিনি, যদিও এর বাইরে আর কোনো ফিফটি ছিল না। তবু বিসিএলের একটি ম্যাচে সেঞ্চুরি করে আবারও জাতীয় দলে জায়গা করে নিলেন এই ব্যাটার।
লিটন ও আফিফকে দলে ফেরানোর কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, মিডল অর্ডারে কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হলেও তারা নিজেদের জায়গা ধরে রাখার মতো পারফরম্যান্স করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়েই আফিফ হোসেনকে দলে ফেরানো হয়েছে।
তার মতে, আফিফ দলের জন্য মূল্যবান অভিজ্ঞতা নিয়ে আসবে এবং বর্তমানে তাকে ভালো ছন্দে দেখা যাচ্ছে। একই সঙ্গে মাহিদুল ইসলাম ভূঁইয়াকে দলে রেখে তার প্রতিভা দেখানোর সুযোগ দেওয়া হয়েছে।
লিটন দাসের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও তিনি কোচদের সঙ্গে নিজের ব্যাটিং নিয়ে কাজ করছেন বলে জানান প্রধান নির্বাচক। বিসিবির বিশ্বাস, তিনি দ্রুতই এই ফরম্যাটে নিজের সেরাটা ফিরিয়ে আনতে পারবেন এবং মিডল অর্ডারকে শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।
২০২৫ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে এবার বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও জাকের আলী অনিক। দুজনই উইকেটকিপার ব্যাটার। বাংলাদেশ ক্রিকেট লিগে তাদের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। এছাড়া দলে জায়গা হয়নি শামীম হোসেন পাটোয়ারিরও।
এদিকে পেসার হাসান মাহমুদ বর্তমানে ডান হাতের টেনিস এলবো সমস্যায় ভুগছেন। আরেক ফাস্ট বোলার তানজিম হাসান সাকিব পিঠের ব্যথা থেকে সেরে উঠছেন। এই সিরিজে খেলার মতো অবস্থায় নেই বলে তারা দুজনই দলের বাইরে রয়েছেন।
মিরপুরে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ১১ মার্চ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ মাঠে গড়াবে।
বাংলাদেশের ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।