নাহিদ-মিরাজের বোলিং তোপে ১১৪ রানে গুটিয়ে গেল পাকিস্তান
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১৭:২০ | অনলাইন সংস্করণ
ক্রীড়া ডেস্ক

মিরপুরের উইকেটে সাধারণত স্পিনাররাই বাড়তি সুবিধা পান। তবে এবার সেই উইকেটেই গতি ও বাউন্সে আগুন ঝরালেন তরুণ পেসার নাহিদ রানা। তার দারুণ বোলিংয়ে মাত্র ১১৪ রানেই অলআউট হয়েছে পাকিস্তান। এটি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
টস হেরে আগে ব্যাট করতে নেমে লড়াইয়ের আভাস দিয়েছিল সফরকারীরা। দুই ওপেনারের ৪১ রানের উদ্বোধনী জুটিতে ১০ ওভার পর্যন্ত কোনো উইকেট হারায়নি পাকিস্তান।
তবে ইনিংসের মোড় ঘুরে যায় দশম ওভারের শেষ বলে। ওই ওভারে ওপেনার সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান নাহিদ রানা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন তিনি। মাত্র ৬৯ রানের মধ্যেই পাকিস্তানের পাঁচ ব্যাটারকে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার।
নাহিদের বোলিং তোপের পর আক্রমণে যোগ দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি তিনটি উইকেট নেন। বাকি দুই উইকেট ভাগাভাগি করে নেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। ফলে ৩০.৪ ওভারেই ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। মূলত তার ব্যাটেই একশ রানের ঘর ছুঁতে পারে দলটি। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে ওপেনার সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফাইফার তুলে নেন নাহিদ রানা। নতুন বলে যদিও মিতব্যয়ী বোলিং করেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে শুরুতে উইকেটের দেখা পাননি এই দুই অভিজ্ঞ পেসার। পরে অবশ্য একটি করে উইকেট ঝুলিতে পুরেন তারা।
