বলে-ব্যাটে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১৯:০৮ | অনলাইন সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

দীর্ঘ বিরতির পর ওয়ানডেতে ফিরেই বাজিমাত করল বাংলাদেশ। আগুনঝড়া বোলিংয়ে পাকিস্তানকে তাদের ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট করার পর ব্যাটিংয়েও ঝড় তুললেন টাইগার ব্যাটাররা। বিশেষ করে ওপেনার তানজিদ হাসান তামিমের সামনে বল ফেলার জায়গা খুঁজে পাননি পাকিস্তানি বোলাররা। বাঁহাতি এই ব্যাটারের অপরাজিত ফিফটিতে সহজ ও দাপুটে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে মাত্র ১১৪ রান। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই সাইফ হাসান ৪ রানে আউট হলেও, ওপেনার তানজিদ হাসান তামিম ঝড় তোলেন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ৮১ রান তোলে স্বাগতিকরা। মাত্র ৩২ বলে ফিফটি পূর্ণ করে শেষ পর্যন্ত অপরাজিত ৬৭ রানে থাকেন তামিম, যা সহজ জয় নিশ্চিত করে।

এর আগে বোলিংয়ে নাহিদ রানা নিজের পেসের কীর্তি দেখান। পাওয়ার প্লের শেষ ওভারে তার হাতে বল দেন অধিনায়ক মিরাজ। আক্রমণে এসেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই তরুণ পেসার। ওভারের শেষ বলে তাকে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন সাহিবজাদা ফারহান। ২৭ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন তিনি। মাত্র ৬৯ রানের মধ্যেই পাকিস্তানের পাঁচ ব্যাটারকে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার। যথাক্রমে শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা তার শিকার হয়ে সাজঘরে ফেরেন।

নাহিদের বোলিং তোপের পর আক্রমণে যোগ দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি তিনটি উইকেট নেন। বাকি দুই উইকেট ভাগাভাগি করে নেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। ফলে ৩০.৪ ওভারেই ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। মূলত তার ব্যাটেই একশ রানের ঘর ছুঁতে পারে দলটি। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে ওপেনার সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফাইফার তুলে নেন নাহিদ রানা। নতুন বলে যদিও মিতব্যয়ী বোলিং করেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে শুরুতে উইকেটের দেখা পাননি এই দুই অভিজ্ঞ পেসার। পরে অবশ্য একটি করে উইকেট ঝুলিতে পুরেন তারা।

এই জয়ের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী ১৩ মার্চ আবারও মুখোমুখি হবে দুই দল।