অনলাইন সংস্করণ
১২:০১, ১৩ মার্চ, ২০২৬
ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের নিলামে আকাশছোঁয়া মূল্যে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য এক লাখ পাউন্ডে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স।
বৃহস্পতিবার (১২ মার্চ) লন্ডনে অনুষ্ঠিত নিলামে তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে মুস্তাফিজের।
তাকে দলে নিতে বার্মিংহ্যাম ফিনিক্স ছাড়া অন্য কোনো দল বিড করেনি। ফলে ভিত্তিমূল্যেই এই পেসারকে দলে পেয়ে যায় তারা। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেলেন মুস্তাফিজুর রহমান।
এদিকে, দ্য হান্ড্রেডের নিলামের চূড়ান্ত তালিকায় নাম ছিল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আলো ছড়ানো আরেক বাংলাদেশি বোলার রিশাদ হোসেনেরও। পাঁচ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে থাকা এই লেগ স্পিনারের নাম নিলামের প্রথম ধাপে উঠলেও শেষ পর্যন্ত তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
সম্প্রতি আইপিএল থেকে বাদ পড়ার পর বিশাল অঙ্কে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে দল পান মুস্তাফিজ। নিলামের আগেই ৬ কোটি ৮৮ লাখ পাকিস্তানি রুপিতে তার সঙ্গে সরাসরি চুক্তি করে লাহোর কালান্দার্স।
দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে এর আগে আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মুস্তাফিজুর রহমান। এবার সেই তালিকায় যুক্ত হলো দ্য হান্ড্রেড। টুর্নামেন্টটির ষষ্ঠ আসর চলবে চলতি বছরের ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত।