ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো টাইগাররা। একইসাথে এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের দল।

রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি পাকিস্তানের। বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার দাপুটে বোলিংয়ে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। মাত্র ১৭ রানেই হারায় প্রথম তিন উইকেট। ইনিংসের প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে (৬) ফেরান তাসকিন। পরের ওভারে নাহিদ রানা আউট করেন মাজ সাদাকাতকে (৬)। আর নিজের দ্বিতীয় ওভারে এসে রিজওয়ানকে (৪) ফেরান তাসকিন।

চাপে পড়া দলের হাল ধরার চেষ্টা চালান গাজি ঘুরি ও আব্দুল সামাদ। তবে প্রতিরোধটা ভালোভাবে করতে পারেননি তারা। ৩৯ বলে ২৯ রানে ঘোরি ও ৪৫ বলে ৩৪ রানে সামাদ আউট হন।

একশর আগেই ৫ উইকেট হারিয়েছিল পাকিস্তান। বিপদের সময় দলের হাল ধরেন সালমান আলি আগা। তাকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন সাদ মাসুদ। অভিষিক্ত এই ব্যাটার দারুণ শুরু পেয়েছিলেন। তবে ৩৮ রানে তাকে থামিয়েছেন মুস্তাফিজ। দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন এই বাঁহাতি পেসার। তাতেই ৭৯ রানে থামে সালমান-মাসুদের জুটি।

ক্রিজে নেমে দেখে-শুনেই খেলছিলেন ফাহিম আশরাফ। সালমানের সঙ্গে আরেকটি জুটি গড়ার প্রয়াস চালান তিনি। কিন্তু সেই সুযোগ দেননি তাসকিন আহমেদ। বাঁহাতি এই ব্যাটারকে বোল্ড করে সাজঘরে পাঠান তিনি। আউট হওয়ার আগে ৯ রান করেন ফাহিম।

এরপরও হাল ছাড়েননি সালমান আগা। এবার দলনেতা শাহিন শাহ আফ্রিদিকে নিয়েই দলকে টানতে থাকেন। অর্ধশতক পূরণের পর শতকও তুলে নেন এই ডানহাতি ব্যাটার। দলকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে। কিন্তু তার সেই আশা পূরণ করতে দেননি তাসকিন আহমেদ। ১০৬ রানে থামেন তাসকিন। ৪৯তম ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে আবারও পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখান শাহিন। এরপরও হেরে যায় সফরকারীরা। পাকিস্তানের ইনিংস থামে ২৭৯ রানে। আর শেষ বলে আউট হওয়ার আগে শাহিন করেন ৩৭ রান।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ। একাই চারটি উইকেট নেন তিনি। মুস্তাফিজুর রহমান পেয়েছেন তিনটি উইকেট। এছাড়া নাহিদ রানা দুটি ও রিশাদ একটি উইকেট নেন।

এর আগে সিরিজ নির্ধারণী ম্যাচে বড় পুঁজি পায় বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রানে থামে বাংলাদেশ।

আবা/এসআর/২৬

রোমাঞ্চকর,সিরিজ জয়,বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত