বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তায় নেইমার

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২১:১৮ | অনলাইন সংস্করণ

আসন্ন বিশ্বকাপে খেলার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের। রোববার (১৫ মার্চ) ব্রাজিলিয়ান লিগে প্রতিদ্বন্দ্বী কোরিন্থিয়ানসের বিপক্ষে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছে তার ক্লাব সান্তোস এফসি। ম্যাচটিতে নেইমারের পারফরম্যান্স ছিল তুলনামূলক সাদামাটা। এমনটাই জানিয়েছে ইএসপিএন।

ম্যাচটি নেইমারের জন্য বিশেষ গুরুত্ব বহন করছিল। কারণ ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলোত্তি সোমবার দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করার কথা রয়েছে।

ম্যাচ শেষে নেইমার জানান, তিনি আবারও জাতীয় দলে ফিরতে চান এবং বিশ্বকাপে খেলতে আগ্রহী। তবে সেই সিদ্ধান্ত তার হাতে নেই বলেও উল্লেখ করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেইমার বলেন, ‘আমি জাতীয় দলে ফিরে বিশ্বকাপে খেলতে চাই, কিন্তু এটা আমার ওপর নির্ভর করে না। আমি দলে থাকি বা না থাকি, সবসময় ব্রাজিলকে সমর্থন করব।’

জানা গেছে, যুক্তরাষ্ট্রে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। মে মাসে ঘোষিত চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডের আগে এই দুই ম্যাচই হবে দলের শেষ প্রস্তুতি। ফলে এই ম্যাচগুলোতে সুযোগ পাওয়া নেইমারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

রোববারের ম্যাচে ১৯তম মিনিটে কোরিন্থিয়ানসের হয়ে প্রথম গোল করেন মেমফিস দিপেই। তবে চার মিনিটের ব্যবধানে সান্তোসের হয়ে সমতা ফেরান গ্যাব্রিয়েল বারবোসা। ম্যাচে নেইমারের সেরা সুযোগটি আসে দ্বিতীয়ার্ধে একটি হেড থেকে, যা অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। পুরো ম্যাচে পায়ে বল নিয়ে খুব বেশি প্রভাব ফেলতে পারেননি তিনি এবং গোলমুখে কোনো শটও নিতে পারেননি।

সান্তোস ক্লাব জানিয়েছে, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের দুই কর্মকর্তা গ্যালারিতে বসে সরাসরি ম্যাচটি পর্যবেক্ষণ করেছেন।

এর আগে কোচ কার্লো আনচেলোত্তি বলেছেন, আসন্ন বিশ্বকাপের জন্য তিনি কেবল শতভাগ ফিট খেলোয়াড়দেরই দলে নিতে চান। তবে তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে কিছু খেলোয়াড়কে আলাদা করে পরীক্ষার প্রয়োজন নেই, যা নেইমারের জন্য এখনো সামান্য আশা জিইয়ে রাখছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গুরুতর এসিএল ইনজুরিতে পড়েন নেইমার। পরে গত ডিসেম্বর আবারও হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয় তাকে। চলতি বছরে সান্তোসের হয়ে তিনি ১০টিরও কম ম্যাচ খেলেছেন, যদিও মাঝেমধ্যে তার পুরোনো ফর্মের ঝলক দেখা গেছে।

ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমারের ঝুলিতে রয়েছে ৭৯টি আন্তর্জাতিক গোল।