সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১৫:১১ | অনলাইন সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ফাইল ছবি

সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

শুক্রবার (২০ মার্চ) ঘোষিত এই দলে কোনো নতুন মুখ নেই। তবে দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ, ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম।

চোট কাটিয়ে প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। সর্বশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দেশের জার্সিতে খেলেছিলেন তিনি। বর্তমানে তিনি বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন।

এছাড়া ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলামও দলে ফিরেছেন। গত নভেম্বর ভারতের বিপক্ষে স্কোয়াডে ছিলেন না তারা। মিরাজুলের অভিষেক হয়েছিল ২০২৪ সালে ভুটানের বিপক্ষে, সেটিই ছিল তার সর্বশেষ ম্যাচ। আরমান ফয়সাল সর্বশেষ খেলেছিলেন এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে। একই ম্যাচে ছিলেন ফাহমিদুল ইসলামও, তবে কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি তিনি।

আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার দল। এ লক্ষ্যে আজ রাতেই ভিয়েতনামের উদ্দেশে রওনা দেওয়ার কথা জামাল ভূঁইয়াদের।

এদিকে, এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই হারিয়েছে বাংলাদেশ। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় পেয়েছে বাংলাদেশ। বাকি ম্যাচগুলোতে রয়েছে দুটি জয় ও দুটি ড্র—সব মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫ পয়েন্ট।

বাংলাদেশ স্কোয়াড:

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান।
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন
মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী
‎ফরোয়ার্ড: আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম।