হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা বিসিবির

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ২৩:৫৮ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

হাবিবুল বাশার প্রধান নির্বাচক হচ্ছেন, বিষয়টি জানা ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। আজ সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানিয়েছে, নবনিযুক্ত এই প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

বাংলাদেশ ক্রিকেটের আগামীর পথচলাকে আরও গতিশীল করতে জাতীয় নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন এনেছে বিসিবি। সেই লক্ষ্যেই সাবেক অধিনায়ক এবং দেশের ক্রিকেটের অন্যতম কিংবদন্তি হাবিবুল বাশারকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৫৩ বছর বয়সী বাশার এর আগে পুরুষ ও নারী উভয় জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

৫৩ বছর বয়সী বাশারের এই পদে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে বাংলাদেশ পুরুষ ও নারী উভয় দলের জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। খেলোয়াড়ি জীবনে বাশার প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করার গৌরব অর্জন করেন। এছাড়া ১৮ টেস্ট ও ৬৯ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

 

আবা/এসআর/২৬