বিসিবি থেকে সরে দাঁড়ালেন পরিচালক ইয়াসির ফয়সাল
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ২০:০৯ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বোর্ডের পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে তিনি বিসিবি সভাপতির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।
বিষয়টি তিনি নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান, তিনি পদত্যাগ করেছেন এবং সকালেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে অন্য কেউ একই সিদ্ধান্ত নিয়েছেন কি না, সে বিষয়ে তিনি অবগত নন বলেও উল্লেখ করেন।
বিসিবি সূত্র জানায়, সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক হিসেবে বোর্ডে যুক্ত হন ইয়াসির ফয়সাল। পরে তিনি লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান এবং বোর্ডের বিভিন্ন প্রশাসনিক ও প্রটোকল সংক্রান্ত কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত বিষয়কে সামনে এনেছেন তিনি। তার এই সরে দাঁড়ানোর মাধ্যমে সাম্প্রতিক সময়ে বিসিবিতে পরিচালকদের পদত্যাগের ধারাবাহিকতা আরও জোরালো হয়েছে। এর আগে ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনও পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
একাধিক পরিচালকের পদত্যাগে গত কয়েক সপ্তাহে বিসিবির অভ্যন্তরীণ প্রশাসনিক পরিস্থিতিতে চাপ তৈরি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এমন অবস্থায় বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও কিছুটা চাপে পড়েছেন বলে আলোচনা রয়েছে। একই সময়ে ঘরোয়া ক্রিকেটের সূচি ও ঢাকা প্রিমিয়ার লিগসহ বিভিন্ন টুর্নামেন্ট নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় ক্রিকেটারদের মধ্যেও অসন্তোষ বাড়ছে।
এই প্রেক্ষাপটে বোর্ডের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নতুন করে পরিচালনা পর্ষদের বৈঠক ডাকা হয়েছে। আগামী শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং যারা সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, তারা অনলাইনে অংশ নেবেন বলে জানা গেছে।
গত বছর অনুষ্ঠিত বিসিবির বহুল আলোচিত নির্বাচনের পর থেকেই পরিচালনা পর্ষদে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয়। ওই নির্বাচনে তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুইজন পরিচালক যুক্ত হন, যাদের একজন ছিলেন ইয়াসির ফয়সাল। নির্বাচনের শেষ পর্যায়ে এনএসসির মনোনয়ন নিয়েও বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছিল বলে সে সময় সংবাদমাধ্যমে উঠে আসে।
সর্বশেষ এই পদত্যাগের মাধ্যমে বিসিবির প্রশাসনিক কাঠামোয় চলমান অস্থিরতা ও পরিবর্তনের প্রবণতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। এতে ভবিষ্যতে বোর্ডের কার্যক্রম কীভাবে প্রভাবিত হবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে।
