ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ সামলে ৪-৩ ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো বাংলাদেশ।

খেলার শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিতে নামে ভারত। ম্যাচের প্রথম কয়েক মিনিটেই তারা একটি দারুণ সুযোগ তৈরি করে, তবে সেটি কাজে লাগাতে পারেনি। শুরুর এই চাপ কাটিয়ে ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরে আসে বাংলাদেশ। বিশেষ করে দুই প্রান্ত দিয়ে দ্রুত আক্রমণ সাজিয়ে ভারতের রক্ষণভাগকে বেশ চাপে রাখে তারা।

নির্ধারিত সময়ের ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে। ভারতের হয়ে ঋষি সিংয়ের নেওয়া প্রথম শটটি ছিল দুর্বল, ঝাঁপিয়ে পড়ে তা আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন। এই একটি সেভই বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে তুলে দেয়। এরপর ভারত টানা তিনটি গোল করলেও বাংলাদেশও পিছিয়ে ছিল না। মোর্শেদ, চন্দন ও বদলি নামা রিয়াদ ফাহিম ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করে বাংলাদেশকে প্রতিযোগিতায় রাখেন ভালোভাবে।

বাংলাদেশের হয়ে চতুর্থ শটটি নিতে এসে স্যামুয়েল রাকসাম বল ক্রসবারে লাগালে ম্যাচ ৩-৩ সমতায় ফিরে আসে, বাড়ে উৎকণ্ঠা। তবে নাটকীয়তার তখনো বাকি ছিল। পঞ্চম শটে ভারতের ওমাং দোদাম বল পোস্টের অনেক ওপর দিয়ে মারলে শিরোপার দুয়ার খুলে যায় বাংলাদেশের সামনে। সেই মহেন্দ্রক্ষণে স্নায়ুচাপ জয় করে যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভান দলের হয়ে শেষ শটে সহজেই গোল করে বাংলাদেশকে ভাসান শিরোপা ধরে রাখার আনন্দে।

আবা/এসআর/২৬

টাইব্রেকার,চ্যাম্পিয়ন,বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত