অনলাইন সংস্করণ
১৫:২৫, ১০ এপ্রিল, ২০২৬
সাদা বলের সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করলেও শেষ মুহূর্তে দুটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে কিউইরা। ইনজুরির কারণে দলে থাকা ক্রিস্টিয়ান ক্লার্ক ছিটকে গেছেন। তার বদলে স্কোয়াডে সুযোগ পেয়েছেন বেন লিস্টার।
অন্যদিকে, বেন সিয়ার্স পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বদলি খেলোয়াড় হিসেবে ডাক পাওয়ায় ওয়ানডে সিরিজে অংশ নিচ্ছেন না।
আইসিসির তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে ক্যাচ নিতে গিয়ে ক্লার্কের ডান হাতের আঙুলে গুরুতর চোট লাগে। ফলে দীর্ঘদিন পর আবার জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েছেন লিস্টার।
বর্তমানে শ্রীলঙ্কা সফরে থাকা লিস্টার রোববার (১২ এপ্রিল) বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। আর নিউজিল্যান্ডে থাকা দলের বাকি সদস্যরা সোমবার সকালে ঢাকায় আসবেন।
ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী শুক্রবার (১৭ এপ্রিল)। প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে, আর শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে।
এরপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে, আর সিরিজের শেষ ম্যাচটি ২ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।